ঢাকা,  বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে: নুরুল আমিন

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৩, ২৯ অক্টোবর ২০২৬
খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে: নুরুল আমিন
ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার প্রদান করছেন এমপি নুরুল আমিন।

খেলাধুলা যুবসমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাট কলেজ মাঠে ‘নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নুরুল আমিন বলেন, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন যুবসমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশেও সহায়তা করে।

রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, যারা জনগণের ভোটে ক্ষমতায় আসতে পারে না, তারা ষড়যন্ত্রের মাধ্যমে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করে। তবে এ ধরনের চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেন তিনি। জনগণ এসব ষড়যন্ত্রের সঙ্গে থাকবে না বলেও দাবি করেন এই সংসদ সদস্য।

তিনি আরও বলেন, দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে তারেক রহমানের নেতৃত্বে ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করা হয়েছে। শেখ হাসিনার পতনের পরও একটি মহল তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে আঁতাত করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করেছিল বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, অতীতের মতো এখনো গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।

জাতীয়তাবাদী ছাত্রদল ক্রীড়া কমিটির উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে মীরসরাই উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার মোট ১৬২টি দল অংশ নেয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী।

টুর্নামেন্টের হিঙ্গুলী ইউনিয়ন পর্যায়ের ফাইনালে ১ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ টাইব্রেকারে ৫-৪ গোলে ২ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে, বারইয়ারহাট পৌরসভা পর্যায়ের ফাইনালে ৫ ও ৯ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ ২-১ গোলে ১ ও ৪ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশকে পরাজিত করে শিরোপা জেতে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন, সদস্যসচিব জসীম উদ্দিন কমিশনার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মহিউদ্দিন বাদল, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটন, জসীম উদ্দিন ভেন্ডার, কামরান সরোয়ার্দি, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, সদস্যসচিব রফিকুল ইসলাম ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, বিএনপি নেতা হাসানুজ্জামান সানি, করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব এয়াছিন মিজান এবং উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক।

এ ছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল, মীরসরাই উপজেলা ছাত্রদল ক্রীড়া কমিটির সদস্যসচিব নাঈম সরকার, বারইয়ারহাট কলেজ ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম বাদশাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ডেইলি-বাংলাদেশ/মীরসরাই/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!