ঢাকা,  মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

দুই শিক্ষকেই চলছে বিদ্যালয়

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৮, ২৪ জানুয়ারি ২০২০
দুই শিক্ষকেই চলছে বিদ্যালয়
ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খালভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষক দিয়েই চলছে পাঠদান। এতে নিয়মিত ক্লাস না হওয়ায় ফলাফল বিপর্যয়ের আশঙ্কা করছেন অভিভাবকরা।

১৯৮৬ সালে বিদ্যালয়টি জাতীয়করণ হয়। বর্তমানে ২০০ শিক্ষার্থী রয়েছে। পাঁচজন শিক্ষক থাকলেও প্রধান শিক্ষক চৈতন্য পাল গেল বছরের ১০ অক্টোবর থেকে কোনো কারণ উল্লেখ না করে অনুপস্থিত রয়েছেন। ১৬ জানুয়ারি থেকে মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন সহকারী শিক্ষক শারনিন আক্তার। প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা মোশারফ হোসেন ১৭ জানুয়ারি থেকে আইসিটি প্রশিক্ষণের জন্য শেরপুরে আছেন।

বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, শিশু ও প্রথম শ্রেণির দুই ক্লাস একই কক্ষে একজন এবং পঞ্চম শেণিতে আরেকজন শিক্ষক পড়াচ্ছেন। দ্বিতীয় শ্রেণিতে কোনো শিক্ষক না থাকায় হইহুল্লোড় করছে শিক্ষার্থীরা।

খালভাঙ্গা গ্রামের শিশু শ্রেণির ছাত্র কাসাবের মা স্বপ্না জানান, শিশু ও প্রথম শ্রেণি এক সঙ্গে হওয়ায় ছেলে-মেয়েরা ভালো মানের পড়া পাচ্ছে না। আলাদা শ্রেণিকক্ষ হলে ভালো হতো।

সহকারী শিক্ষক বকুল রানী পাল বলেন, বিরতিহীন ছয়টি ক্লাস নিতে হয়, যা খুবই কষ্টকর। এছাড়া অফিসের অন্য কাজও করতে হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও প্যানেল মেয়র সুরুজ্জামান বলেন, প্রধান শিক্ষক কাউকে না বলে বিদেশে গেছেন। একজন রয়েছেন মাতৃত্বকালীন ছুটিতে। এ বিষয়ে শিক্ষা কর্মকর্তাদের জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম বলেন, সমস্যা সমাধানের প্রক্রিয়া চলছে। আশা করি কয়েকদিনের মধ্যে সমাধান হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর/আরআর
লিংক সফলভাবে কপি হয়েছে!