জাতীয় গ্রিডে বিভ্রাট, বিদ্যুৎ নেই বিভিন্ন এলাকায়
রাজধানী ঢাকার পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা ও চট্টগ্রামের একাংশে আকস্মিকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪৩ মিনিটে এ বিভ্রাট দেখা দেয়। তবে বিদ্যুৎ সরবরাহ বন্ধের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিদ্যুৎবিচ্ছিন্ন এলাকাগুলোর মধ্যে রয়েছে ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ আশপাশের বিভিন্ন এলাকা।
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে জাতীয় গ্রিডের সিস্টেম পুনরুদ্ধারের কাজ চলছে। প্রকৌশলীরা ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের চেষ্টা করছেন।
জাতীয় গ্রিডের কার্যক্রম ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) নিয়ন্ত্রণে রয়েছে।
পিজিসিবি আরও জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল ও স্বাভাবিক রয়েছে।
তবে বিদ্যুৎ বিভ্রাটের কারণ এবং পুরোপুরি সরবরাহ স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।