একসময় জীবননগরের কৃষকের কাছে ধান, পাট, ভুট্টা, পেয়ারা ও প্রচলিত শাক-সবজিই ছিল চাষাবাদের প্রধান ভরসা। এখন সেই চিত্র বদলে গেছে। ধানক্ষেতের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও নতুন জাতের ফল চাষ করে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার তরুণ কৃষি উদ্যোক্তারা তৈরি করেছেন নতুন সম্ভাবনা। অ্যাভোকাডো, রাম্বুটান, লংগান, মাল্টা, ড্রাগন, আনারকলি ও আঙুরের মতো বিদেশি ফলের বাণিজ্যিক চাষে অনেক কৃষকই এখন লাখ লাখ টাকা আয় করছেন।