ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

নওগাঁর ধামইরহাটে দুই অবৈধ ইটভাটাকে ২ লক্ষ টাকা জরিমানা

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৬, ২৮ নভেম্বর ২০২৬
নওগাঁর ধামইরহাটে দুই অবৈধ ইটভাটাকে ২ লক্ষ টাকা জরিমানা
নওগাঁয় দুই অবৈধ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ। ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর ধামইরহাট উপজেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে দুটি ইটভাটার কর্তৃপক্ষকে মোট ২ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ইটভাটা দুটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার শিমুলতলী ঘাট এলাকায় পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমান।

অভিযানে মেসার্স বিসমিল্লাহ ব্রিকস (বিবিএফ) ও মেসার্স মাস্টার জিগজ্যাগ হাওয়া ভাটা (এমবিএফ) নামের দুটি অবৈধ ইটভাটার কর্তৃপক্ষের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। পরে মামলা দুটিতে মোট ২ লক্ষ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। পাশাপাশি ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। এ সময় ব্যাটালিয়ন আনসার, নওগাঁর একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন বলেন, পরিবেশ সুরক্ষা ও সরকারি বিধিবিধান বাস্তবায়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

ডেইলি-বাংলাদেশ/নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!