ঢাকা, রোববার ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
ভৈরবে মহা সড়ক ঘেঁষে বালুর রমরমা ব্যবসা
কিশোরগঞ্জের ভৈরব–ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের দুই পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে বালুর ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে। মহাসড়কের পাশে খোলা জায়গায় বালু স্তূপ করে রাখা এবং সেখান থেকে নিয়মিত বালু লোড-আনলোড করার কারণে উড়ছে ধুলাবালি। এতে চরম দুর্ভোগে পড়ছেন যাত্রীবাহী যানবাহনের চালক, যাত্রী, পথচারী ও আশপাশের এলাকার বাসিন্দারা। পাশাপাশি বালুর স্তূপের আড়ালে অপরাধীদের লুকিয়ে থাকার অভিযোগও করেছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মহাসড়কের দুই পাশে সওজের জায়গা দখল করে বালুর ব্যবসা চালানো হচ্ছে। এসব জায়গায় বালু মজুত করে রাখা হয়। পরে ট্রাকসহ বিভিন্ন যানবাহনে বালু ওঠানো-নামানোর সময় তা আশপাশে ছড়িয়ে পড়ে। সামান্য বাতাসেই বালুর সূক্ষ্ম কণা উড়ে মহাসড়কে চলাচলরত যানবাহন ও মানুষের চোখ-মুখে গিয়ে লাগে। এতে স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সড়কে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
বিশেষ করে বালু লোড-আনলোডের সময় ধুলাবালিতে অতিষ্ঠ হয়ে পড়েন বাস, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের যাত্রীরা। বালু উড়ে চালকদের চোখে পড়ায় সামনের দৃশ্য দেখতে সমস্যা হয়। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হচ্ছে। পথচারীদেরও ধুলাবালির মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে।
শুধু মহাসড়কে চলাচলকারী মানুষই নন, আশপাশের বসতবাড়িতে বসবাসকারীরাও পড়েছেন ভোগান্তিতে। বাতাসে উড়ে আসা বালু ঘরের বারান্দা, জানালা, উঠান এমনকি ঘরের ভেতরেও জমা হচ্ছে। ফলে প্রতিদিন বাড়িঘর পরিষ্কার করতে হচ্ছে বাসিন্দাদের। শিশু ও বয়স্কদের নিয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা।
মহাসড়কে চলাচলকারী চালক বাহার মিয়া ও আরিফ মিয়া বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে। রাস্তার পাশে বালু রাখার কারণে বাতাস হলেই ধুলাবালি উড়ে গাড়ির সামনে চলে আসে। এতে সামনে দেখতে সমস্যা হয়। বিশেষ করে মোটরসাইকেল ও ছোট যানবাহনের চালকদের বেশি ভোগান্তিতে পড়তে হয়। অনেক সময় বালু চোখে পড়ায় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। যাত্রীদেরও দুর্ভোগ পোহাতে হয়। বিষয়টির দ্রুত সমাধান হলে সবার জন্য ভালো হবে।
জামাল নামে এক যাত্রী বলেন, বাস কিংবা অন্য যানবাহনে যাতায়াতের সময় বালু উড়ে এসে চোখে-মুখে লাগে। এতে যাত্রীদের পাশাপাশি চালকেরাও সমস্যায় পড়েন। মহাসড়কের পাশে এভাবে বালুর ব্যবসা চলতে থাকলে সাধারণ মানুষ স্বস্তিতে যাতায়াত করবে কীভাবে? সরকারের কাছে আমাদের দাবি, দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হোক।
আকবর মিয়া নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, বালু উড়ে আমাদের বাড়িঘরেও এসে জমা হয়। দরজা-জানালা বন্ধ রাখলেও বাতাসে বালু ঘরের ভেতরে ঢুকে পড়ে। প্রতিদিন ঘর পরিষ্কার করতে হয়। শিশু ও বয়স্কদের নিয়ে আমরা বেশি চিন্তায় থাকি। এভাবে আর কত দিন চলতে হবে?
তিনি আরও অভিযোগ করেন, বালুর স্তূপের আড়ালে কিছু ডাকাত, ছিনতাইকারীরা লুকিয়ে থাকে। এতে আশপাশের মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। মহাসড়কের পাশে বালুর স্তূপ থাকায় আড়াল তৈরি হচ্ছে, যা অপরাধীদের লুকিয়ে থাকার সুযোগ করে দিতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা সোহান বলেন, মহাসড়কে বালুর ব্যবসার কারণে সড়কে চলাচরত জনগণের অনেক সমস্যা হয়। যদি বালুর ব্যবসা করতে হয় তাহলে এখান থেকে সড়িয়ে নিয়ে অন্য জায়গায় ব্যবসা করলে সমস্যা সমাধান হবে। আমরা চাই কর্তৃপক্ষ যেন বিষয়টি সমাধান করে।
স্থানীয়দের মতে, মহাসড়কের পাশে সওজের জায়গা দখল করে বালুর ব্যবসা পরিচালনার বিষয়টি সরকারি সম্পত্তির অবৈধ ব্যবহার। এর সঙ্গে জনসাধারণের চলাচলে বিঘ্ন, পরিবেশে ধুলাবালির বিস্তার এবং সড়ক নিরাপত্তার ঝুঁকিও যুক্ত হয়েছে। বালু পরিবহনের জন্য মহাসড়কের পাশে ট্রাকসহ বিভিন্ন যানবাহন দাঁড় করিয়ে রাখলে সড়কের স্বাভাবিক চলাচলও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
তাঁদের দাবি, বালুর ব্যবসা পরিচালনার জন্য নির্দিষ্ট স্থান থাকতে হবে। বালু খোলা অবস্থায় না রেখে ঢেকে রাখা এবং লোড-আনলোডের সময় ধুলাবালি নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে সরকারি জায়গা দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
সড়কের পাশে বালুর ব্যবসার বিষয়ে হাবিব ট্রেডার্সের মালিক বলেন, আমি উত্তরপাশে ব্যবসা করি তেমন সমস্যা হয়না। তবে যারা দক্ষিণ পাশে বালু রাখছে সেটার জন্য সমস্যা হয়।
তিনি আরও বলেন,আমরাতো রাস্তায় বালু রাখছি না। আগে রাস্তার দুপাশে গর্ত ছিলো যার কারণে দূর্ঘটনা হতো। আমরা বালু ফেলে ব্যবসার করার ফলে আর গর্তের মধ্যে পড়ে না। যদি রাস্তার কাজে সরকার জায়গা নিয়ে যায় তাহলে দিয়ে দিবো।
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের ভৈরবের উপসহকারী প্রকৌশলী স্বর্ণা আক্তার ডেইলি বাংলাদেশকে বলেন, আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। যেখানে বালু স্তূপ করে রাখা হয়েছে, সেই জায়গাটি সড়ক ও জনপথ বিভাগের। বালুর স্তূপের কারণে সড়কে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে এবং সড়কের পাশে অবৈধভাবে বালুর ব্যবসা পরিচালনার বিষয়টি কীভাবে সমাধান করা যায়, তা তদারকি করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এ অবস্থায় মহাসড়কের দুই পাশ থেকে অবৈধভাবে মজুত করা বালু সরানো, সওজের জায়গা দখলমুক্ত করা এবং বালু লোড-আনলোডের সময় ধুলাবালি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা।
তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় প্রশাসন দ্রুত সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এতে মহাসড়কে যানবাহন চলাচলের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি আশপাশের বাসিন্দারাও ধুলাবালির দুর্ভোগ থেকে মুক্তি পাবেন।