ঢাকা,  শনিবার   ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

কলাপাড়ায় সাবেক এমপি-প্রতিমন্ত্রীসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা-ভাঙচুর

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৭, ২১ নভেম্বর ২০২৬
কলাপাড়ায় সাবেক এমপি-প্রতিমন্ত্রীসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা-ভাঙচুর
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ার-উল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমান এবং কলাপাড়া পৌরসভার সাবেক দুই মেয়র রাকিবুল আহসান ও বিপুল চন্দ্র হাওলাদারের বাড়িতে হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শুক্রবার রাতে পৌর শহরের বিভিন্ন এলাকায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা এসব হামলা চালায় বলে জানিয়েছেন স্থানীয়রা। এ সময় বাড়িতে থাকা লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি করেন। তবে সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমানের বাড়িতে কেউ ছিলেন না বলে জানা গেছে।

এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে রাতভর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। হামলার শিকার পরিবারের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশ করে ক্ষয়ক্ষতি এবং নিরাপত্তাহীনতার কথা জানিয়েছেন।

তবে এসব হামলার বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।

এদিকে সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাতে উপজেলার লালুয়া ইউনিয়নের পাঞ্জুপাড়া এলাকা থেকে রাব্বি খান (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

অন্যদিকে শুক্রবার সন্ধ্যায় কলাপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে সন্ত্রাসবিরোধী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার।

সভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, দেশ ধ্বংসকারী ফ্যাসিস্ট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুপ্ত সন্ত্রাসীরা আবারও দেশের মানুষ ও সম্পদের ওপর হামলা এবং নাশকতা চালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। যেকোনো মূল্যে জনগণকে সঙ্গে নিয়ে এই নৈরাজ্য বন্ধে তাঁরা রাজপথে রয়েছেন।

তিনি আরও বলেন, অতীতের মতো দেশের মানুষের জানমাল রক্ষায় বিএনপির নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে থাকতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা যথাযথভাবে পালনের জন্য তিনি দলের সব পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেন।

সভা শেষে দলীয় কার্যালয় থেকে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তাঁরা শহরের প্রধান প্রধান সড়কে অবস্থান নেন।

ডেইলি-বাংলাদেশ/কলাপাড়া/এআর/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!