ঢাকা,  বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৩, ১৯ নভেম্বর ২০২৬
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মী নিহত
সিরাজগঞ্জ এনায়েতপুর থানা। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের এনায়েতপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আশরাফ আলী (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  বুধবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার গোপরেখী ফুটানি মার্কেটের একটি চায়ের দোকানে এ হামলার ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোররাতে তার মৃত্যু হয়।

নিহত আশরাফ আলী গোপরেখী ধরপাড়া গ্রামের মৃত সোহরাব আলী বাপারীর ছেলে। তিনি আওয়ামী লীগের একজন সমর্থক। 

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাত ১১টার দিকে এনায়েতপুর থানার গোপরেখী ফুটানি মার্কেটের ইয়ামিনের চায়ের দোকানে পান খেতে যান আশরাফ আলী। এ সময় ২০ থেকে ৩০ জনের একটি দল ১০ থেকে ১৫টি মোটরসাইকেলে এসে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তাঁকে মারধর ও পাঁজরে উপর্যুপরি ছুরিকাঘাত করে বিভিন্ন স্লোগান দিতে দিতে ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা।

খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোররাতে তার মৃত্যু হয়। পরে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহতের ছোট ভাই মো. রেজাউল অভিযোগ করেন, বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা তার ভাইকে হামলা চালিয়ে হত্যা করেছেন বলে দাবি করেন। এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!