ঢাকা, বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
মীরসরাইয়ে বৃদ্ধের মৃত্যু ঘিরে রহস্য, নির্যাতনের অভিযোগ
চট্টগ্রামের মীরসরাইয়ে প্রবাসফেরত এক বৃদ্ধের মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর আগে আপন ছোট ভাই ও তার স্ত্রীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন স্বজনেরা। অন্যদিকে, এ মৃত্যুর ঘটনায় সৎভাইদের ফাঁসিয়ে মামলায় জড়ানোর হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার জোরারগঞ্জ থানাধীন ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর বামনসুন্দর গ্রামের জমির আলী হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শামসু উদ্দিন (৫৬) মৃত হাজী গোলাম রাব্বানীর প্রথম পক্ষের বড় ছেলে।
নিহতের পরিবারের সদস্য, প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শামসু উদ্দিন অবিবাহিত ছিলেন। জীবনের প্রায় ২০ থেকে ২২ বছর প্রবাসে কাটিয়েছেন তিনি। প্রবাসে উপার্জিত অর্থ পরিবারের পেছনে ব্যয় করেন। দেশে ফিরে ছোট ভাই জসিম উদ্দিনের সংসারে বসবাস শুরু করেন। এ সময় স্থানীয় একটি বেকারিতে কাজ করতেন তিনি। সেখান থেকে পাওয়া আয়ও ছোট ভাইয়ের সংসারে ব্যয় করতেন বলে দাবি স্বজনদের।
পরিবারের সদস্যদের অভিযোগ, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ছোট ভাই জসিম উদ্দিন ও তার স্ত্রীর সঙ্গে শামসু উদ্দিনের বিরোধ চলছিল। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। গত ১০ নভেম্বর আবারও স্ট্রোক করে ঘরের মেঝেতে পড়ে থাকেন। পরে প্রতিবেশীদের খবর দেওয়া হলে আবুল হাসেম, মো. সাইফুল্লাহ ও নুর মোহাম্মদ সেখানে গিয়ে তার শারীরিক অবস্থা খারাপ দেখে চিকিৎসা করানোর পরামর্শ দেন।
স্বজনদের ভাষ্য, এর আগে এক রাতে টয়লেটে যাওয়ার সময় মাথা ঘুরে পড়ে গিয়ে মাথায় আঘাত পান শামসু উদ্দিন। পরদিন ১১ নভেম্বর ছোট ভাই জসিম উদ্দিন ও তার স্ত্রী তাকে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ নভেম্বর বিকেলে তার মৃত্যু হয়।
নিহতের স্বজনদের অভিযোগ, মৃত্যুর পর জসিম উদ্দিন তড়িঘড়ি করে মরদেহ দাফনের উদ্যোগ নেন। একই বাড়িতে বসবাসকারী সৎভাইদের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলে মামলা দেওয়ার হুমকিও দেন তিনি। এ ঘটনায় পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হলে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে রাতে পারিবারিক কবরস্থানে শামসু উদ্দিনকে দাফন করা হয়।
এদিকে, নির্যাতনের অভিযোগ, মৃত্যুর কারণ ও চিকিৎসাসংক্রান্ত কাগজপত্রের বিষয়ে জানতে চাইলে জসিম উদ্দিন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অসুস্থতার কথা জানিয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
নিহতের সৎভাই মহিউদ্দিন বলেন, ‘শামসু উদ্দিন আমাদের সৎভাই হলেও আমাদের সঙ্গে তার সুসম্পর্ক ছিল। ছোট ভাই ও তার স্ত্রীর নির্যাতনের প্রতিবাদ করায় এখন তার মৃত্যুর দায় আমাদের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে। মিথ্যা মামলায় জড়ানোর ভয়ও দেখানো হচ্ছে।’
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বলেন, ‘পাঁচলাইশ থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে ঘটনার প্রাথমিক তদন্তের জন্য জোরারগঞ্জ থানা থেকে একজন পুলিশ কর্মকর্তা পাঠানো হয়েছে। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের পর এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
শামসু উদ্দিনের মৃত্যুর প্রকৃত কারণ, চিকিৎসায় কোনো অবহেলা ছিল কি না এবং নির্যাতনের অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে মনে করছেন স্থানীয়রা।