ঢাকা,  বুধবার   ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

২৪ ঘণ্টায় রংপুরে দুই বাসে আগুন, নগরজুড়ে আতঙ্ক

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৬, ১৮ নভেম্বর ২০২৬
২৪ ঘণ্টায় রংপুরে দুই বাসে আগুন, নগরজুড়ে আতঙ্ক
ছবি: ডেইলি বাংলাদেশ

রংপুর নগরীতে ২৪ ঘণ্টার ব্যবধানে দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর মধ্যে একটি বাস দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে বলে অভিযোগ উঠেছে। অন্য বাসটিতে অগ্নিকাণ্ডের কারণ হিসেবে ওয়েল্ডিংয়ের ফুলকি থেকে আগুনের সূত্রপাতের সম্ভাবনা দেখছে পুলিশ। পরপর দুটি ঘটনায় নগরীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে বাসে আগুন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর যুবদল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মঙ্গলবার গভীর রাতে নগরীর পর্যটন মোড় এলাকায় ফুরফুরা খানকা শরিফের সামনে। লুমিনাস ক্যাডেট কোচিং সেন্টারের শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত বাসটি যাত্রা শেষে সেখানে রাখা ছিল। গভীর রাতে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

কোচিং সেন্টার সূত্রে জানা গেছে, ২৮ আসনের বাসটিতে প্রতিষ্ঠানের ৫০ জন আবাসিক শিক্ষার্থীর যাতায়াতের ব্যবস্থা ছিল। বাসটি পুড়ে যাওয়ায় শিক্ষার্থীদের নিয়মিত ও নিরাপদ যাতায়াত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।

প্রতিষ্ঠানটির পরিচালক নাহিদ ইকবাল মাসুম বলেন, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে বাসটি কেনা হয়েছিল। প্রতিদিনের মতো শিক্ষার্থীদের পরিবহন শেষে বাসটি কোচিং সেন্টারের সামনে রাখা হয়। গভীর রাতে দুর্বৃত্তরা এতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় তার দীর্ঘদিনের পরিশ্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা বড় ধাক্কা খেয়েছে। তবে সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিয়ে।

অন্যদিকে, বুধবার বিকেল ৩টার দিকে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার মাছের আড়তের পাশে একটি গ্যারেজে হৃদয় পরিবহনের আরেকটি বাসে আগুন লাগে। বাসটির মালিক হৃদয় চৌধুরী জানান, সকালে মেরামতের জন্য বাসটি তার নিজস্ব গ্যারেজে রাখা হয়েছিল। দুপুরে খাবার খেতে মেকানিকরা বাইরে গেলে কে বা কারা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে বাসটি পুড়ে যায়।

তবে ঘটনাস্থল পরিদর্শন করে রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট সুলতান আরেফিন জানান, বাসটির ভেতরে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। কাজের সময় আগুনের ফুলকি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুন লাগার সময় বাসের ভেতরে কেউ ছিলেন না। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওয়াদুদ আলম বলেন, বাসে অগ্নিসংযোগের অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিসি) সনাতন চক্রবর্তী জানান, বাসে অগ্নিসংযোগের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অন্য বাসে অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, শান্ত রংপুরের পরিবেশ অস্থিতিশীল করার কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এদিকে বাসে আগুন দেওয়ার ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে রংপুর মহানগর যুবদল বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!