ঢাকা,  মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঈশ্বরদীতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে জরিমানা

ঈশ্বরদী (পাবনা )প্রতিনিধি
প্রকাশিত: ০৭:০৯, ১৭ নভেম্বর ২০২৬
ঈশ্বরদীতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে জরিমানা
ছবি- ডেইলি বাংলাদেশ


পাবনার ঈশ্বরদীতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে নবাব মেডিসিন সেন্টার নামে একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নতুনহাট গ্রিনসিটি এলাকায় প্রতিষ্ঠানটিতে জেলা ঔষধ প্রশাসন ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে প্রতিষ্ঠানটি তল্লাশি করে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ জব্দ করা হয়। পরে সেগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ) ধারায় প্রতিষ্ঠানটির মালিক নবাব আলীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার জানান, নতুনহাট গ্রিনসিটি এলাকায় নবাব মেডিসিন সেন্টারে বিশেষ অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ জব্দ করা হয়েছে। পরে সেগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক মিঠুন সাহা ও ঈশ্বরদী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
 

ডেইলি-বাংলাদেশ/পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!