৮ মাস পর কয়রার স্কুলছাত্রী শরণখোলা থেকে উদ্ধার, গ্রেপ্তার ৩
খুলনার কয়রায় অপহরণের আট মাস পর দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে বাগেরহাটের শরণখোলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ছেলের মা, ছেলে ও তার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাতে শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কয়রা উপজেলার মাদারবাড়িয়া গ্রামের সামাদ গাজীর ছেলে মো. রুবেল গাজী (২৮), তার মা আছিয়া খাতুন (৪৮) ও ভাই ইউছুপ গাজী (২৪)।
সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় কয়রা থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম।
উদ্ধার হওয়া স্কুলছাত্রীর নাম আফরোজা সুলতানা (১৬)। সে উপজেলার জাকারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। গত ১৫ মার্চ মাদারবাড়িয়া গ্রাম থেকে তাকে অপহরণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় তার মা আসমা পারভীন বাদী হয়ে ২৫ মার্চ কয়রা থানায় মামলা করেন।
ওসি রাশেদুল আলম জানান, মামলা হওয়ার পর থেকেই ওই ছাত্রীকে উদ্ধার ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছিল। তবে অভিযুক্ত ব্যক্তিরা বারবার মুঠোফোনের নম্বর ও অবস্থান পরিবর্তন করায় তাদের শনাক্ত করতে সময় লাগে। পরে গোপন তথ্যের ভিত্তিতে খুলনা নগরের সোনাডাঙ্গা থানার গল্লামারী এলাকা থেকে প্রথমে ইউছুপ গাজীকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী শরণখোলায় অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা কয়রা থানার উপপরিদর্শক (এসআই) বিজন কুমার মণ্ডল বলেন, ইউছুপ গাজীকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে শরণখোলায় তাদের এক আত্মীয়ের বাড়ি থেকে স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। সেখান থেকে রুবেল গাজী ও তার মাকেও গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।
তবে এ ঘটনা নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন মহারাজপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জামাল ফারুক। তার দাবি, ওই স্কুলছাত্রীর সঙ্গে রুবেল গাজীর প্রেমের সম্পর্ক ছিল। তারা পালিয়ে বিয়ে করেছিলেন। মেয়েটি অন্তঃসত্ত্বা বলেও তিনি জানতে পেরেছেন। এ বিয়ে মেয়ের পরিবার মেনে না নেওয়ায় অপহরণের মামলা করা হয়েছিল বলে দাবি করেন তিনি।