নলছিটিতে নারী হত্যা মামলার প্রধান আসামি বরিশালে গ্রেপ্তার
নলছিটিতে চাঞ্চল্যকর সুখি বেগম (৪৫) হত্যা মামলার প্রধান অভিযুক্ত মো. হাসান হাওলাদার (২৮)কে একবছর পরে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল। রোববার (১৫ নভেম্বর) বরিশালের কাউনিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হাসান হাওলাদার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিরঙ্গল গ্রামের মো. মন্নান হাওলাদারের ছেলে।
সোমবার (১৬ নভেম্বর) এসআরবি-৮ বরিশালের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সাথী আক্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত সুখি বেগমের স্বামী মো. মনির হাওলাদার নলছিটির দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় মাংসের ব্যবসা করতেন। ২০২৫সালের ২৬সেপ্টেম্বর রাত ৪টা থেকে সকাল সাড়ে ৯টার মধ্যে কোনো একসময় দুর্বৃত্তরা তাঁদের বসতঘরের ভেতরে সিঁধ কেটে প্রবেশ করে। এ সময় ওয়ারড্রোবের ড্রয়ারে রাখা গরুর মাংস বিক্রির ৫লাখ ৮০হাজার টাকা চুরির চেষ্টা করে। একপর্যায়ে সুখি বেগম দুর্বৃত্তদের চিনে ফেললে তাঁর গলায় মোবাইল ফোনের চার্জারের তার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নলছিটি থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তে হাসান হাওলাদারকে প্রধান অভিযুক্ত হিসেবে শনাক্ত করা হয়। পরে তাঁকে গ্রেপ্তারের জন্য এসআরবি-৮ বরিশালের অধিনায়কের কাছে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এর পরিপ্রেক্ষিতে এসআরবি-৮ বরিশালের সিপিএসসি ও সদর কোম্পানির একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার কাউনিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে হাসান হাওলাদারকে গ্রেপ্তার করে। পরে তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নলছিটি থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।