প্রদীপের আলোয় আলোকিত শান্তিবন মহাশ্মশান,পুকুরে ভাসল ঘৃত প্রদীপ
সন্ধ্যা নামতেই একে একে জ্বলে উঠল শতশত ঘৃত প্রদীপ। কারও হাতে জ্বলন্ত প্রদীপ, কারও চোখে ভক্তির আবেশ। প্রার্থনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এক অপূর্ব দৃশ্যের অবতারণা হলো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের কলেজ পাড়ায় অবস্থিত শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম শান্তিবন মহাশ্মশানে জ্বলন্ত প্রদীপগুলো সেবাশ্রমের পুকুরে ভাসিয়ে দেন ভক্তরা। পানির বুকে সারি সারি প্রদীপের আলোয় তৈরি হয় এক মায়াবী পরিবেশ। শ্রী হরিনাম সংকীর্তন ও কার্তিকায় যজ্ঞ মহোৎসব উপলক্ষে এ আয়োজন করা হয়।
শনিবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে ঘৃত প্রদীপ প্রজ্বালনের এ আয়োজন। শ্রী হরিনাম সংকীর্তন ও কার্তিকায় যজ্ঞ মহোৎসব উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে শতশত ভক্তরা অংশ নেন।
প্রদীপ প্রজ্বালন শেষে তাঁরা সেগুলো পুকুরে ভাসিয়ে দেন। মুহূর্তেই পুকুরের পানিতে ছড়িয়ে পড়ে আলোর মেলা। সেই দৃশ্য উপভোগ করতে ভক্তদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন বয়সী দর্শনার্থী। প্রদীপের আলো, ভক্তদের প্রার্থনা আর ধর্মীয় সংগীতের আবহে পুরো সেবাশ্রম এলাকায় সৃষ্টি হয় এক আধ্যাত্মিক পরিবেশের। কারও কাছে এটি ছিল ধর্মীয় বিশ্বাস ও ভক্তি নিবেদনের উপলক্ষ, আবার কারও কাছে ছিল জীবনের অন্ধকার দূর করে আলোয় ফেরার এক প্রতীকী আয়োজন।
আখউড়া পুজা উদযাপন পরিষদ সভাপতি সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু বলেন জীব ও জগতের কল্যাণ কামনায় বৃহস্পতিবার থেকে শান্তিবন মহাশ্মশানে শুরু হয়েছে শ্রী হরিনাম সংকীর্তন ও কার্তিকায় যজ্ঞ মহোৎসব। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত চলবে এ মহোৎসব। উদ্বোধনী দিনে ভক্তিমূলক সংগীত পরিবেশন করে জনপ্রিয় সংগীত দল ‘টিম বৃষ্টি’। এরপর থেকেই বিভিন্ন ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর হয়ে উঠেছে সেবাশ্রম প্রাঙ্গণ।
এদিকে এ মহোৎসবকে ঘিরে বিভিন্ন এলাকা থেকে ভক্তদের সমাগম ঘটছে। ঘৃত প্রদীপ প্রজ্বালন ও পুকুরে ভাসানোর আয়োজনটি মহোৎসবে বাড়তি মাত্রা যোগ করেছে। হাজারো প্রদীপের আলোয় শান্তিবন মহাশ্মশানের এ দৃশ্য উপস্থিত মানুষের মনে তৈরি করেছে এক অনন্য অনুভূতি।
ধর্মীয় বিশ্বাস, ভক্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনার বার্তা নিয়ে শান্তিবন মহাশ্মশানের এ আয়োজন যেন মনে করিয়ে দেয় আলো শুধু অন্ধকার দূর করে না, মানুষের মনে জাগিয়ে তোলে আশা, শান্তি ও শুভবোধের।