বাবার পাশে বিছানায় ঘুমিয়ে থাকা ১০ মাসের শিশু নিখোঁজ
পটুয়াখালীর কলাপাড়ায় বাবার পাশে ঘুমিয়ে থাকা ১০ মাস বয়সী এক শিশু উধাও হয়ে গেছে। বৃস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউপির ঘুটাবাছা গ্রামে এ ঘটনা ঘটে। বাবার পাশ থেকে শিশুটি হঠাৎই নিখোঁজ হয়ে যাওয়ায় স্বজনরাসহ স্থানীয়রা চারিদিকে হন্নে হয়ে খোঁজ করেও সন্ধান পাননি। এ ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিখোঁজ শিশু রায়হানের মা রুমা বেগম কান্না জড়িত কন্ঠে জানান, সকালে তার সন্তানকে স্বামীর পাশে ঘুমন্ত অবস্থায় রেখে তিনি সাংসারিক কাজ করছিলেন। কিছুক্ষণ পর হঠাৎ কুকুরের ডাক শুনে ঘরে ফিরে আসেন। এ সময় ঘরে গিয়ে তিনি আর রায়হানকে বিছানায় খুঁজে পাননি। এরপর ঘরের সব স্থানে খোঁজাখুজি সহ আসপাশের বাড়িতেও খোঁজ করেছেন। কিন্তু কোথাও সন্ধান মেলেনি।
শিশুটির বাবা মো. রাসেল খান বলেন , আমি ছেলের সঙ্গে এক বিছানায় ঘুমিয়ে ছিলাম। কিন্তু আমার স্ত্রী এসে আমার পাশে ছেলেকে দেখতে না পেয়ে তার চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। পরে সব খানে খোঁজার পর না পেয়ে বাড়ির পুকুরে মটর লাগিয়ে পানি সেচ করি। তবে পুকুরেও কোনো সন্ধান পাওয়া যায়নি।
এদিকে স্থানীরা বলছেন, শিশুর বাড়িটি মহাসড়ক লোগোয়া হওয়ার কারনে পাচার কারিরা সুযোগ কাজে লাগিয়েছে। ঘুমন্ত অবস্থায় ঘরে আর কেউ না থাকায় বাচ্চা চুরি করে নিয়ে গেছে এমন ধারণা তাদের।
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, নিখোঁজের সংবাদ শুনে ঘটনাস্থলে আমি সহ সার্কেল এসপি মহোদয় এসেছেন। দিনের আলোয় বাচ্চাটি উধাউ হয়ে যাওয়া গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেহেতু একই খাটে পিতাপুত্র শুয়ে ছিল সেখান থেকে কিভাবে নিখোঁজ হয়েছে আমরা তদন্ত করছি। তিনি বলেন, প্রকৃত ঘটনা উদঘাটন এবং শিশুটির সন্ধানে আমরা সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছি।