ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠন
স্থানীয় ক্রীড়াঙ্গনের অন্যতম সংগঠন ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সাত সদস্যের এই কমিটিতে আহবায়ক হয়েছেন পদাধিকার বলে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ ছাত্রনেতা ও ঝালকাঠি জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক জুবায়ের তালুকদার মিশকাত।
চলতি বছরের ৫ মে কমিটি অনুমোদনের জন্য সুপারিশ করা হলেও জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান ১৩ অক্টোবর মঙ্গলবার কমিটি অনুমোদনের নথিতে স্বাক্ষর করেন।
চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় ক্রীড়া পরিষদের সংশ্লিষ্ট বিধি ও নির্দেশনার আলোকে ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত কমিটিতে আহ্বায়কসহ মোট সাতজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
পদাধিকারবলে কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। সদস্য হিসেবে রয়েছেন পুলিশ সুপার মেরিন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, ঝালকাঠি জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মাদ নুরুল হুদা, জেলা ক্রীড়া কর্মকর্তা নরেশ গাইন এবং ক্রীড়াবিদ আ. স. ম. গালিব মাহমুদ।
চিঠিতে অনুমোদিত আহ্বায়ক কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব পালন এবং জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে জারি করা চিঠির অনুলিপি ঝালকাঠির জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।