ঢাকা,  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

মিরসরাইয়ে পর্যটন উন্নয়নে গণমাধ্যম ও অংশীজনদের নিয়ে কর্মশালা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৬, ১৪ অক্টোবর ২০২৬
মিরসরাইয়ে পর্যটন উন্নয়নে গণমাধ্যম ও অংশীজনদের নিয়ে কর্মশালা
মিরসরাইয়ে পর্যটন শিল্পের প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য প্রদান করছেন প্রধান অতিথি সোমাইয়া আক্তার।

চট্টগ্রামের মিরসরাইয়ে পর্যটনশিল্পের উন্নয়ন, সম্ভাবনা কাজে লাগানো এবং বিদ্যমান সমস্যা সমাধানে গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে এবং মিরসরাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলনকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের।

কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও ডিজিটাল কনটেন্ট নির্মাতারা অংশ নেন।

কর্মশালার শুরুতে ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে মিরসরাইয়ের বিভিন্ন পর্যটনকেন্দ্রের ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। এসব পর্যটনকেন্দ্রের সুযোগ-সুবিধা, সীমাবদ্ধতা এবং পর্যটকদের জন্য বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরা হয়।

পরে মিরসরাইয়ের পর্যটনশিল্পের বিকাশ, সম্ভাবনাময় স্থানগুলোর পরিচিতি বাড়ানো, পর্যটকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং বিভিন্ন সমস্যা সমাধানের উপায় নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। এ সময় অংশগ্রহণকারীরা নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেসব মতামত নথিভুক্ত করে এবং অতিথিরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

কর্মশালায় স্থানীয় পর্যটনকেন্দ্রগুলোর সম্ভাবনা কাজে লাগাতে সরকারি দপ্তর, গণমাধ্যমকর্মী, ডিজিটাল কনটেন্ট নির্মাতা ও অন্যান্য অংশীজনের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। পরে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/মীরসরাই/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!