ঢাকা,  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২২, ১৪ অক্টোবর ২০২৬
হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত, আহত আরেক আরোহী। ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আমিরুল ইসলাম তালহা (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরমান মিয়া (১৭) নামে অপর মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে বিকেল ৩টার দিকে সিলেটের শেরপুর এলাকায় মারা যায় তালহা।

নিহত আমিরুল ইসলাম তালহা হবিগঞ্জের লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের বায়েতুল ইসলামের ছেলে। আহত আরমান মিয়া একই গ্রামের মহরম আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস নুরপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথে শেরপুর এলাকায় তালহার মৃত্যু হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তালহার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার প্রতিবেশী ইমরান মিয়া।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!