ঢাকা,  সোমবার   ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঝালকাঠিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাঠে ৭৫ কর্মী

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৪, ১২ অক্টোবর ২০২৬
ঝালকাঠিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাঠে ৭৫ কর্মী
ঝালকাঠিতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় বাড়ি বাড়ি গিয়ে পরিবারের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠিতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় বাড়ি বাড়ি গিয়ে পরিবারের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। জেলার চারটি উপজেলা ও শহর সমাজসেবা কার্যালয়ের পাঁচটি ইউনিটে এ কার্যক্রম চলছে। এতে ৩০১ জন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত ৭৫ জন সোমবার থেকে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছেন।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নুরুল হুদা।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়েজিদ ইবনে আকবর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা খান জসীম উদ্দীন এবং সহকারী পাবলিক প্রসিকিউটর সাকিনা আলম লিজা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর ও কাঠালিয়া উপজেলা এবং শহর সমাজসেবা কার্যালয়ের আওতায় ২৭৩ জন তথ্য সংগ্রহকারী ও ২৮ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত ৭৫ জন মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু করেছেন।

তথ্য সংগ্রহকারীরা বিশেষায়িত ট্যাবলেটের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে প্রতিটি পরিবারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্য সরাসরি অনলাইন ডেটাবেইজে যুক্ত করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ঝালকাঠি/এমকে
ট্যাগ: ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!