ঢাকা,  শনিবার   ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

বিকাশ এজেন্টের ৪ কোটি টাকা ছিনতাই, ১৮ ঘণ্টায়ও মামলা হয়নি

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৩, ১০ অক্টোবর ২০২৬
বিকাশ এজেন্টের ৪ কোটি টাকা ছিনতাই, ১৮ ঘণ্টায়ও মামলা হয়নি
ঘটনাস্থলে পুলিশ

গাজীপুরের শ্রীপুরে প্রাইভেটকারের গতিরোধ করে গুলি ছুড়ে বিকাশ এজেন্টের কর্মীদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও মামলা হয়নি। লিখিত অভিযোগ না পাওয়ায় মামলা করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আহত তিন কর্মীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এদিকে ছিনতাই হওয়া টাকার পরিমাণ নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন।

বিকাশ এজেন্ট কর্তৃপক্ষের দাবি, তিনটি বস্তায় মোট চার কোটি টাকা ছিল। এর মধ্যে দুটি বস্তা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। অপর বস্তায় এক কোটি ৭০ লাখ টাকা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে ছিনতাই হওয়া টাকার সুনির্দিষ্ট পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের কর্ণপুর এলাকায় শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ নামের একটি বিকাশ এজেন্টের ভাড়া করা প্রাইভেটকারে করে কর্মীরা নরসিংদী থেকে মাওনার দিকে টাকা নিয়ে ফিরছিলেন। পথে চার থেকে পাঁচটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গাড়িটির গতিরোধ করে গুলি ছোড়ে। এতে বিকাশ এজেন্টের ম্যানেজারসহ চারজন আহত হন। তাঁদের মধ্যে হিমেল নামের একজন গুলিবিদ্ধ হন। পরে দুর্বৃত্তরা টাকার দুটি বস্তা নিয়ে পালিয়ে যায়।

গাজীপুরের সহকারী পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম বলেন, বিকাশ এজেন্ট কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, তিনটি বস্তায় চার কোটি টাকা ছিল। এর মধ্যে দুটি বস্তা নিয়ে গেছে দুর্বৃত্তরা। যে বস্তাটি তারা নিতে পারেনি, সেটিতে এক কোটি ৭০ লাখ টাকা রয়েছে। এ ঘটনায় তদন্তে পুলিশের একাধিক দল কাজ করছে।

ঘটনার পর শনিবার (১০ অক্টোবর) ঘটনাস্থল পরিদর্শন করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও গোয়েন্দা পুলিশ। তবে ঘটনার প্রায় ১৮ ঘণ্টা পরও থানায় কোনো মামলা হয়নি। পুলিশ জানিয়েছে, বিকাশ এজেন্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

এদিকে আহত তিন কর্মীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে তাঁদের হেফাজতে রাখার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ছিনতাইয়ের ঘটনায় টাকার প্রকৃত পরিমাণ নির্ধারণ এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

ডেইলি-বাংলাদেশ/গাজীপুর/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!