তজুমদ্দিনে স্পিকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ভোলার তজুমদ্দিন উপজেলায় স্পিকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে পঞ্চায়েত ক্রীড়া পরিষদের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু।
উদ্বোধনী ম্যাচে দুই দলের খেলোয়াড়েরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেন। ম্যাচে খাসেরহাট স্টুডেন্ট স্টার গ্রুপ একাদশকে ১ গোলে হারিয়ে জয় তুলে নেয় চতলা মেজর হাফিজ বীর বিক্রম একাডেমি একাদশ।
এ সময় তজুমদ্দিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, শম্ভুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন হাওলাদার, উপজেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পঞ্চায়েত, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি একেএম মহিউদ্দিন জুলফিকার, শম্ভুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ঝান্টু হাওলাদার ও সাধারণ সম্পাদক সাফায়েত হাওলাদারসহ স্থানীয় রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের প্রত্যাশা, এ টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় তরুণদের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়বে এবং নতুন প্রতিভাবান ফুটবলার উঠে আসবে।