রাজবাড়ীতে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার
রাজবাড়ীর পাংশা পৌরসভার বিষ্ণুপুর এলাকার একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। শুক্রবার (৯ অক্টোবর) ভোরে এসআরবি-১০-এর ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করে।
এসআরবি-১০ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বিষ্ণুপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস দল এ অভিযানে অংশ নেয়।
অভিযান চলাকালে পাংশা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিষ্ণুপুর এলাকার একটি আমবাগান থেকে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৪২টি ককটেল উদ্ধার করা হয়। উদ্ধার করা ককটেলগুলো সম্পূর্ণ অবিস্ফোরিত অবস্থায় ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এসব ককটেল মজুতের সঙ্গে কারা জড়িত এবং এগুলো ব্যবহার করে কোনো ধরনের নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে এসআরবি-১০-এর পক্ষ থেকে জানানো হয়েছে।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০-এর মিডিয়া বিভাগের সহকারী পরিচালক সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ বিস্ফোরক ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এসআরবি-১০ নিয়মিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় পাংশার বিষ্ণুপুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। এসব ককটেল কোথা থেকে এসেছে এবং কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
তিনি আরও বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা ও জনসাধারণের জানমালের সুরক্ষায় এসআরবি-১০ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আমরা বদ্ধপরিকর।
এসআরবি-১০-এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীটি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।