ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

আখাউড়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২১, ৫ অক্টোবর ২০২৬
আখাউড়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আখাউড়ায় উপজেলা প্রশাসন ও শিক্ষা পরিবারের আয়োজনে র‌্যালি। ছবি ডেইলি বাংলাদেশ

‘শিক্ষকদের পাশে দাঁড়াই: পেশা রক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং ভবিষ্যৎ রূপায়নে ৬০ বছর’ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে র‌্যালিটি বের করা হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা পরিবারের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

র‌্যালিটি উপজেলা পরিষদের প্রধান ফটক পর্যন্ত গিয়ে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে ফিরে আসে। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে শিক্ষকদের পেশাগত মর্যাদা, অধিকার ও দায়িত্বের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে তাঁদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া, উপজেলা বিএনপির সভাপতি আবেদীন আব্দু, উপজেলা একাডেমিক সুপারভাইজার কফিল উদ্দিন মাহমুদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. দৌলত হোসেন ভূঁইয়া, শিক্ষক নেতা আবুল হাসান ও শিক্ষিকা আকিলা বিনতে শহীদ।

এ সময় নাছরীন নবী পাইলট বালিকা উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির শাহাদাত হোসেন লিটন, প্রধান শিক্ষক দেবব্রত বণিক, পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, বিএনপি নেতা সোহাগ খান ও প্রধান শিক্ষক মো. মাহতাব মিয়াসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও অতিথিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের শুধু পাঠ্যজ্ঞান নয়, নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার ক্ষেত্রেও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই শিক্ষকদের যথাযথ মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ ও পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগ নিশ্চিত করা জরুরি।

ডেইলি-বাংলাদেশ/আখাউড়া/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!