নলছিটিতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন
ঝালকাঠির নলছিটি উপজেলায় কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এই কার্ডের মাধ্যমে কৃষকদের বিভিন্ন কৃষি সেবা, সরকারি সহায়তা ও প্রণোদনা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
.png)
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুণ্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন, নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুজ্জামান সোহাগ, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল, সাধারণ সম্পাদক সেলিম গাজী, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না, সদস্য সচিব সাইদুল কবির রানাসহ স্থানীয় কৃষক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
অনুষ্ঠান উদ্বোধনের সঙ্গে সঙ্গে প্রথম ধাপে নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের ৫৭৯ জন কৃষক একযোগে এই কার্ডের সহায়তা গ্রহণ করেন।
কৃষি বিভাগের সংশ্লিষ্টরা জানান, কৃষক কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমে কৃষকদের বিভিন্ন ধরনের সরকারি কৃষি সেবা, উপকরণ, প্রণোদনা, ঋণ, প্রশিক্ষণসহ নানা সুবিধার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে প্রকৃত কৃষকদের শনাক্তকরণ এবং তাদের কাছে সরকারি কৃষি সহায়তা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হবে বলে আশা করা হচ্ছে।