টুঙ্গিপাড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক নির্মূল, চুরি প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ এবং শিশুশ্রম ও শিশু পাচার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারী জালের ব্যবহার বন্ধে নজরদারি বাড়ানোর সিদ্ধান্তের বিষয়ে আলোচনা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা বজ্রকণ্ঠ পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম।
সভায় টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। এ সময় কোনো অপরাধ বা অপরাধের তথ্য জানতে পারলে দ্রুত পুলিশকে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়।
.png)
ইউএনও মোহাম্মদ দিদারুল আলম বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা ও সাধারণ মানুষের সমন্বিত সহযোগিতা প্রয়োজন। মাদকসহ পরিবেশের জন্য ক্ষতিকর কর্মকাণ্ড বন্ধে নিয়মিত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
সভায় আগামী শুক্রবার জুমার খুতবায় মাদক, বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশু পাচারের ক্ষতিকর দিক তুলে ধরে মুসল্লিদের সচেতন করার জন্য টুঙ্গিপাড়া মডেল মসজিদের ইমামকে অনুরোধ জানানো হয়।
সভায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, পুলিশ, রাজনৈতিক ব্যক্তি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।