ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঋতু পরিবর্তনে বাড়ছে জ্বরসহ ঠান্ডাজনিত রোগ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৮, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঋতু পরিবর্তনে বাড়ছে জ্বরসহ ঠান্ডাজনিত রোগ
আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের উপচে পড়া ভিড়। ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বেড়েছে জ্বর, সর্দি-কাশিসহ ঠান্ডাজনিত রোগ। প্রায় ঘরেই কেউ না কেউ জ্বরসহ অন্যান্য রোগে আক্রান্ত হচ্ছে। এরমধ্যে জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি। আক্রান্ত হওয়া রোগীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে ভিড় করছেন। এরমধ্যে বেশিভাগই শিশু, নারী ও বয়স্ক লোকজন রয়েছে।

চিকিৎসকরা জানায়, ঋতু পরিবর্তন হওয়ার কারণে এ সময় দিনে গরম ও রাতে তুলনামূলক কিছুটা ঠান্ডা আবহাওয়ার কারণে শরীরে বিভিন্ন ধরনের ভাইরাসজনিত সংক্রমণ দেখা দিতে পারে। ফলে জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা ও শরীর ব্যথার মতো উপসর্গ বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের বাড়তি সতর্কতা প্রয়োজন।
এদিকে গত কয়েকদিন ধরে পৌর শহরের বিভিন্ন ফার্মেসি, ক্লিনিক ও চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারে জ্বর, সর্দি-কাশি ও শরীর ব্যথার রোগীর উপস্থিতিও বেড়েছে। অনেক পরিবারে একজনের পর আরেকজন অসুস্থ হয়ে পড়ায় ভোগান্তিতে পড়ছেন স্বজনরা।

Advertisement

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানা গেছে, গত দুই সপ্তাহ ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রচুর পরিমাণ রোগীর চাপ বৃদ্ধি পেয়েছে। চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের মধ্যে বেশির ভাগ হলো জ্বর  সর্দি কাশিসহ ঠান্ডা আক্রান্ত হওয়া রোগী।

সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা যায়, প্রতিটি চিকিৎসকের (চেম্বার) কক্ষে রোগীদের উপচে পড়া ভিড়। চিকিৎসকের সিরিয়াল নিয়ে রোগী ও তার স্বজনরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন। স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চিকিৎসা দিতে চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে।

পৌর শহরের মসজিদ পাড়া এলাকার গৃহিণী আকলিমা আক্তার জানান, প্রথমে আমার ছোট ছেলে রনির  জ্বর উঠে। সেইসাথে তার প্রচন্ড শরীর ব্যাথা আছে । তাকে হাসপাতালে ডাক্তার দেখিয়ে ওষধ খাওয়ানো হলে কিছুটা কমতে শুরু করে। এরইধ্যে মেয়ের জ্বর উঠেছে । তাকে ডাক্তার দেখাতে হাসপাতালে আসা।

রাধানগর এলাকার আশিকুর রহমান বলেন, গত দুই দিন আগে হঠাৎ করে আমার জ্বর  ও কাশি হয়। প্রথমে ভেবেছিলাম সাধারণ জ্বর। এক দিনের মাথায় ছোট মেয়ের একই ধরনের উপসর্গ দেখা দেয়। ফার্মেসি থেকে ওষধ খাওয়ার পর ও কমছে না। তাই হাসপাতালে এসে ডাক্তার দেখানো হয়। এখন ওষুধ খেয়ে দেখি আল্লাহ যদি রহম করে।

মাহবুব মিয়া বলেন, আমার তিন বছরের মেয়ে স্বপ্না আক্তার গত ২ দিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে আছে। আবার আছে সর্দি ও কাশি। অনেক ওষুধ খাওয়ানোর পরও কিছুতেই কমছে না। শরীর অনেক দুর্বল হয়ে গেছে। কোনো কিছু খেতে চাই না। তাই হাসপাতালে নিয়ে এসেছি। ডাক্তারের চেম্বারে রোগীর ভিড় হওয়ায় অনেক্ষণ ধরে দাঁড়িয়ে দেখানো হয়। এখন সুস্থ হয়ে উঠলেই আমরা খুশি।

গৃহিণী লিপি আক্তার বলেন, গত তিন দিন ধরে আমার চার বছর বয়সি মেয়ে মিম জ্বরে আক্রান্ত হয়ে আছে । সেইসাথে শরীরে কিছু এলার্জি ও রয়েছে। জ্বর ও এলার্জি থাকায় সে খুবই কষ্ট করছে। তার ঘুম ও কম হচ্ছে। প্রাথমিকভাবে স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ খাওয়ানো হলে কোনো উন্নত না হওয়ায় সকালে  হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক দেখে তাকে কয়েকটি পরীক্ষা দেন।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হিমেল খান বলেন, ঋতু পরিবর্তন হওয়ায় জ্বর সর্দি, কাশি ও ঠান্ডাজনিত রোগ বাড়ছে । প্রতিদিন গড়ে আড়াই শতাধিকের ওপর নানা বয়সী রোগী এই স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা সেবা নিচ্ছেন। এরমধ্যে বেশিরভাগ হলো ওইসব রোগী। সকাল থেকেই রোগীর চাপ বাড়ছে। চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের চিকিৎসাপত্রের সঙ্গে জরুরি ওষুধও বিনামূল্যে দেওয়া হয় ।  

তিনি আরো বলেন, জ্বর-সর্দি থেকে সুরক্ষিত থাকতে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া, হাঁচি-কাশির সময় মুখ ঢেকে রাখা, অসুস্থ ব্যক্তির সংস্পর্শে সতর্ক থাকা এবং পর্যাপ্ত বিশ্রাম ও পানি পান করার পাশাপাশি পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দেন।

ডেইলি-বাংলাদেশ/আখাউড়া/জেডআই
লিংক সফলভাবে কপি হয়েছে!