লংমার্চ নয়, জনগণকে সত্য বলুন: বিরোধীদলকে আইসিটি মন্ত্রী
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, একটি সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ ভোট দিয়ে বিএনপিকে দেশবাসীর সেবা করার দায়িত্ব দিয়েছে। দেশনায়ক তারেক রহমান সরকার গঠন করেছেন অর্থনৈতিক ভঙ্গুর অবস্থার মধ্য দিয়ে। অপরদিকে ইরান-আমেরিকার যুদ্ধের কারণে সারা বিশ্বে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়েছে।
তারপরও সেই অবস্থা থেকে উত্তরণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। বিরোধী দলও সরকারের অংশ। তাদেরকেও সহযোগিতা করতে হবে সরকারকে। জনগণ তাদেরও ভোট দিয়েছে। তারা লংমার্চ করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। দেশে বিশৃঙ্খলা বা বিভ্রান্তকর অবস্থা সৃষ্টি না করে সত্য তথ্য সত্য কথা তুলে ধরুন। তাহলে দেশের জনগণের মঙ্গল হবে।
.png)
তিনি শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের পরিচিতি ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।মধুপুরের জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ শিক্ষক সমিতি (বি.টি.এ), মধুপুর উপজেলা শাখা আয়োজিত অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের মধুপুর শাখার সভাপতি সাইফুল ইসলাম স্বপন।
মন্ত্রী আরও বলেন, সংগঠনে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক রয়েছে। কিন্তু শিক্ষক সংগঠন বা শিক্ষাঙ্গনে রাজনৈতিক প্রভাব না ফেলে রাজনীতি না করে শিক্ষার মান বৃদ্ধিতে মনোযোগি হতে হবে। যাতে করে মধুপুরের শিক্ষার্থীদের ফলাফল নিয়ে দেশজুড়ে গর্ব করা যায়। শুধু উন্নয়নের কথা বললে চলবেনা। দাবি দাওয়ার কথা বললে হবে না। শিক্ষার গুণগত মান বাড়ালে অন্য শিক্ষকদের সবকিছুর উন্নয়ন হবে।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির (বি.টি.এ) কেন্দ্রীয় সভাপতি মো. শামীম আল মামুন জুয়েল।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ও মধুপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ওবায়দুল্লাহ, শিক্ষক আব্দুল মোতালেব ও স্বপন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম. রতন হায়দার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাসান, পৌর বিএনপির সহসভাপতি আনোয়ারা খন্দকার লিলি সরকারসহ শিক্ষক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক উপস্থিত ছিলেন।