ঢাকা,  বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়া রেলস্টেশনে প্রকাশ্যে গাঁজা সেবন, ৫ যুবকের কারাদণ্ড

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৪, ২৪ সেপ্টেম্বর ২০২৬
আখাউড়া রেলস্টেশনে প্রকাশ্যে গাঁজা সেবন, ৫ যুবকের কারাদণ্ড
আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে পাঁচ যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে পাঁচ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের দক্ষিণ পাশের আউটার এলাকায় অভিযান চালিয়ে তাদের গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন আখাউড়া পৌর শহরের দেবগ্রাম এলাকার শাহিন মিয়ার ছেলে সোহান, একই এলাকার মৃত আলমগীর হোসেনের ছেলে মো. সোহেল প্রকাশ রতন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ইসলামপুর বড় বাকাইল এলাকার মৃত আঞ্জু মিয়ার ছেলে মো. আশিক মিয়া, উত্তর শেখপুর এলাকার শামিম মিয়ার ছেলে মো. শাকিল এবং শেরপুর সগিরাপাড়া এলাকার আনার মিয়ার ছেলে মো. পারভেজ।

Advertisement

রেলওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদের নেতৃত্বে স্টেশনে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় রেলওয়ে থানা পুলিশের একটি দল দায়িত্ব পালনের পাশাপাশি অভিযানে অংশ নেয়। প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে পাঁচ যুবককে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত সোহান ও মো. সোহেল প্রকাশ রতনকে এক বছর করে এবং মো. আশিক মিয়া, মো. শাকিল ও মো. পারভেজকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। অভিযানে রেলওয়ে পুলিশ সার্বিক সহযোগিতা করে।

বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে পুলিশ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ বলেন, ‘মাদকের কোনো ছাড় নেই। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যে কোনো মূল্যে মাদক নিয়ন্ত্রণ করা হবে।’

ডেইলি-বাংলাদেশ/আখাউড়া/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!