লিটারে ১০০ গ্রাম তেল কম, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জ্বালানি তেল বিক্রির সময় প্রতি লিটারে প্রায় ১০০ গ্রাম করে কম দেওয়ার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি ও সড়কে মোটরসাইকেল রেখে যান চলাচলে বাধা দেওয়ার দায়ে আরও দুটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা করা হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে সন্ধ্যায় আখাউড়া পৌর শহরের সড়ক বাজার এলাকায় বিভিন্ন তেল বিক্রির দোকান ও খাবারের প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ। অভিযানে থানা পুলিশ সহযোগিতা করে।
.png)
অভিযানকালে তিনটি তেল বিক্রয় প্রতিষ্ঠানে পরিমাপ করে প্রতি লিটারে প্রায় ১০০ গ্রাম করে তেল কম দেওয়ার বিষয়টি ধরা পড়ে। এ অনিয়মের দায়ে প্রতিষ্ঠানগুলোকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির দায়ে একটি হোটেলকে ৫ হাজার টাকা এবং সড়কে মোটরসাইকেল পার্কিং করে যান চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে আরও ৫০০ টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে অভিযানে মোট ১২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ বলেন, জ্বালানি তেল বিক্রির ক্ষেত্রে নির্ধারিত পরিমাণের চেয়ে কম দেওয়ার কোনো সুযোগ নেই। একই সঙ্গে খাদ্যপণ্য বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।
তিনি আরও বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা, সঠিক পরিমাপ নিশ্চিত করা এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।