ঢাকা,  শুক্রবার   ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৯, ২৪ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় বিদেশি পিস্তল-গুলি উদ্ধার
উদ্ধারকৃত বিদেশি পিস্তল-গুলি। ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনার লবণচরায় একটি পরিত্যক্ত দোচালা টিনের ঘরে কাঠের গুঁড়ির বস্তার নিচ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ।

হত্যা মামলায় গ্রেপ্তার আসামি আব্দুল আউয়ালের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে হরিণটানা আশিবিঘা এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বুধবার আব্দুল আউয়ালকে (২৫) গ্রেপ্তার করা হয়। তিনি খুলনা সদর থানার পশ্চিম টুটপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে। আউয়াল লবণচরা থানার একটি হত্যা মামলার আসামি।

Advertisement

মামলাটির আগে গ্রেপ্তার হওয়া এক আসামি আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আব্দুল আউয়ালের নাম উল্লেখ করেন। পরে তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অবৈধ অস্ত্রের বিষয়ে তথ্য দেন বলে পুলিশ জানায়।

এরপর আউয়ালের দেওয়া তথ্যের ভিত্তিতে সহকারী পুলিশ কমিশনার (এসি) খুলনা জোন মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এবং লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেনসহ পুলিশের একটি দল হরিণটানা আশিবিঘা এলাকায় অভিযান চালায়।

পুলিশের দলটি আল আকসা মসজিদ গলিতে ইসরাফিলের বাড়ির একটি পরিত্যক্ত দোচালা টিনের খড়ির ঘরে তল্লাশি চালায়। একপর্যায়ে কাঠের গুঁড়ির বস্তার নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি পাওয়া যায়।

পুলিশের দাবি, আব্দুল আউয়ালই ওই স্থান থেকে অস্ত্র ও গুলি বের করে দেন। পরে পুলিশ সেগুলো উদ্ধার করে।

সহকারী পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, হত্যা মামলায় গ্রেপ্তার আউয়ালের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/খুলনা/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!