নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে খাল পুনঃখনন ও পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরের নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে খাল পুনঃখনন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে নালিতাবাড়ী পৌরসভা।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পৌর শহরের সরকারবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে পৌর এলাকার বিভিন্ন খালে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা দূর করতে খাল পুনঃখননের কাজ করা হয়। এডিস মশার বংশবিস্তার রোধে যেসব স্থানে পানি জমে থাকার সম্ভাবনা রয়েছে, সেসব স্থান পরিষ্কারের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
.png)
অভিযানে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. আব্দুল মালেক, পৌরসভার সচিব আব্দুল ওয়াদুদ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
পৌর প্রশাসক মো. আব্দুল মালেক বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি খাল, নালা ও পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। ডেঙ্গুর মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি পৌর এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় ডেঙ্গু প্রতিরোধে পৌরবাসীকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়। একই সঙ্গে কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হয়।