ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় দুই আসামি সিদ্ধার্থ-মুগ্ধ
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
রোববার রাতে কড়া নিরাপত্তায় রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে তাদের ঢাকার উদ্দেশে নেওয়া হয়। ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। পরে এসব নমুনা নিহত চারজনের ডিএনএ এবং ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামতের সঙ্গে মিলিয়ে দেখা হবে।
রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার এ এস এম কামরুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার রাতে সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
.png)
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনাস্থল থেকে মোট ৩৫টি আলামত সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ফল কাটার চাকু, ফয়েল পেপার, সিগারেটের শেষাংশ, নান রুটি, শসা, খেজুর, বেসিনের দাগ এবং নিহত শিশু প্রিয়মের খাতায় পাওয়া লেখাসহ বিভিন্ন আলামত রয়েছে। এসব আলামত তিন দফায় ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, আসামিদের ডিএনএ নমুনার সঙ্গে নিহতদের নমুনা ও ঘটনাস্থল থেকে সংগ্রহ করা জৈবিক আলামত মিলিয়ে দেখা হবে। এর মাধ্যমে ঘটনাস্থলে আসামিদের উপস্থিতি এবং কোনো আলামতের সঙ্গে তাদের জৈবিক সংশ্লিষ্টতা ছিল কি না, তা যাচাই করা হবে।
মামলার তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, দুই আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বর্তমানে মামলাটি রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তদন্ত করছে।
রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার মামলায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।