তারেক রহমানকে ঘিরে বিতর্ক, শরীয়তপুরে অনুষ্ঠানস্থলে উত্তেজনা
শরীয়তপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনের অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাদের মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। অন্যদিকে বিএনপি নেতাদের দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর পরিবারের বিরুদ্ধে অশালীন সমালোচনার প্রতিবাদ জানাতে গিয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়। বুধবার (৫ আগস্ট) সকালে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক তাহসিনা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।
.png)
অনুষ্ঠান চলাকালে সেখানে উপস্থিত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুরের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন আদর ও তাদের বেশ কয়েকজন সহযোদ্ধা। ভুক্তভোগীদের অভিযোগ, অডিটোরিয়ামে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাদের ওপর চওড়া হন।

ইমরান আল নাজির ও জাকির হোসেন আদরকে চড়থাপ্পড় ও কিল-ঘুষি মেরে জোরপূর্বক অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়া হয়।

ইমরান আল নাজির দাবি করেন, জেলা প্রশাসনের আনুষ্ঠানিক দাওয়াতেই তারা অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। তিনি বলেন, “বিএনপি নেতারা ২৪-এর গণঅভ্যুত্থানে শরীয়তপুরে শিক্ষার্থীদের আন্দোলনকে অস্বীকার করতে চায়। জাজিরা, নাওডোবা ও সখিপুরসহ বিভিন্ন স্থানে আমাদের শিক্ষার্থীরা আন্দোলন করে আহত হয়েছিল, যা তারা মানতে নারাজ।”
ঘটনার বিষয়ে শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ টিপু জানান, ইমরান আল নাজির ও তার লোকজন দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর পরিবারকে নিয়ে নানা কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর লেখালেখি করে আসছে। এমনকি আজকের অনুষ্ঠানে এসেও তারা প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারকে নিয়ে অশালীন ভাষায় সমালোচনা করায় স্থানীয় নেতাকর্মীরা তার তীব্র প্রতিবাদ জানান।
ঘটনার সময় অনুষ্ঠানে উপস্থিত থাকা শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম সাংবাদিকদের জানান, অনুষ্ঠান চলাকালীন মূল মিলনায়তনে কোনো ধরনের হট্টগোল বা বিশৃঙ্খলা হয়নি। অনুষ্ঠান শুরুর আগে বা বাইরে যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, সে বিষয়ে খোঁজ নিয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো যাবে।