নাটোরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের
নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে আহমদ আলী (১৮) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনের পূর্বপ্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পাবনা জেলার চাটমোহর উপজেলার মো. ইউসুফ আলীর ছেলে। জীবিকার তাগিদে তিনি ভ্রাম্যমাণ হকার হিসেবে ট্রেনে বিভিন্ন পণ্য বিক্রি করতেন। প্রতিদিনের মতো সেদিনও তিনি ট্রেনে পণ্য বিক্রির উদ্দেশ্যে বের হয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ‘পঞ্চগড় এক্সপ্রেস’ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে অসাবধানতাবশত তিনি ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেয়া হয়।
.png)
ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান জানান, প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।