ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিশু ইরা হত্যার আসামিকে গ্রেফতারের পর যা জানাল পুলিশ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫২, ৪ মার্চ ২০২৬
শিশু ইরা হত্যার আসামিকে গ্রেফতারের পর যা জানাল পুলিশ
ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে হত্যার পরিকল্পনা করা হয়েছিল সাত বছর বয়সী শিশু জান্নাতুল নাইমা ইরাকে। পরিকল্পনা অনুযায়ী তাকে নেয়া হয় সীতকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের পাহাড়ে।

এ ঘটনায় প্রধান অভিযুক্ত বাবু শেখকে (৪৫) গ্রেফতারের পর এমনটিই জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন।

পুলিশ বলছে, রোববার (১ মার্চ) সকালে পূর্বপরিকল্পনা অনুযায়ী শিশু ইরাকে চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যান বাবু শেখ। কুমিরা থেকে বাসযোগে সীতাকুণ্ড বাসস্ট্যান্ডে নেমে পায়ে হেঁটে পাহাড়ি এলাকায় নিয়ে যান শিশুটিকে। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয়। শিশুটি চিৎকার শুরু করলে অভিযুক্ত বাবু শেখ সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করেন এবং মৃত ভেবে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যান।

Advertisement

পরে আহত অবস্থায় শিশুটি নির্মাণাধীন সড়কের দিকে উঠে এলে শ্রমিকরা তাকে উদ্ধার করে বেলা আনুমানিক দেড়টার দিকে থানায় খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশু ইরাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩ মার্চ) ভোরে তার মৃত্যু হয়।

পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, ঘটনার পর ভুক্তভোগীর বাড়ি কুমিরা থেকে সীতাকুণ্ড পাহাড় পর্যন্ত সড়কের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ এবং প্রযুক্তিগত সহায়তায় অভিযুক্ত বাবু শেখকে শনাক্ত করা হয়। মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের কাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বাবু শেখের দেখানো মতে ঘটনাস্থল থেকে রক্তমাখা পোশাকসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করে পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!