ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেক্সিমকো শ্রমিকদের কর্মবিরতি, ছুটি ঘোষণা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৫, ১৪ ডিসেম্বর ২০২৪
বেক্সিমকো শ্রমিকদের কর্মবিরতি, ছুটি ঘোষণা
ফাইল ফটো

গাজীপুরের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেডের শ্রমিকরা নভেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি পালন করেছেন।

শনিবার সকাল ১০টার দিকে কর্মবিরতি শুরু করেন তারা। শ্রমিকরা কারখানার বাইরে অবস্থান নিয়ে বেতন পরিশোধের দাবি জানান।

জানা গেছে, গত ১২ ডিসেম্বর বেতন পরিশোধের দিন নির্ধারিত থাকলেও এখনো তা পরিশোধ না করায় শ্রমিকরা ফ্যাক্টরি প্রাঙ্গণে অবস্থান নেন। পরবর্তীতে কারখানা কর্তৃপক্ষ জানমালের নিরাপত্তার কথা উল্লেখ করে সাধারণ ছুটি ঘোষণা করলে শ্রমিকরা নিজ নিজ গন্তব্যে চলে যান।

Advertisement

শ্রমিকরা জানান, প্রতিদিনের মতো তারা সকালে কারখানায় কাজে যোগ দেন। তবে সকাল ১০টার দিকে একটি ফ্লোরের শ্রমিকরা কাজ বন্ধ করে বাইরে অবস্থান নিতে শুরু করেন। তাদের দেখে অন্যান্য ইউনিটের শ্রমিকরাও কাজে বিরতি দিয়ে একই দাবি জানাতে বাইরে চলে আসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারখানা কর্তৃপক্ষ সাড়ে ১০টার দিকে সাধারণ ছুটি ঘোষণা করে। শ্রমিকরা এরপর নিজ নিজ গন্তব্যে চলে যান।

শ্রমিকদের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা আশা করেছিলাম ১২ তারিখে বেতন পাব। কিন্তু এখনো তা হয়নি। আমাদের দাবি আদায় না হলে আমরা কাজে ফিরব না।

বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করেননি।

কারখানার নিরাপত্তা কর্মীরা শ্রমিকদের জানিয়েছেন, বেতন না দেওয়া পর্যন্ত কারখানার কার্যক্রম বন্ধ থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!