আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১–এর কর্মকর্তারা জানান, আশুলিয়ার বিভিন্ন এলাকার নাসা, আল-মুসলিম, নিউএইজ, ট্রাউজার লাইনের শ্রমিকেরা কাজ বন্ধ করে বসেছিলেন। পরে সাধারণ ছুটি ঘোষণার পর সোমবার বেলা ১১টার মধ্যে তারা চলে যান।
পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি থেকে পাওয়া তথ্যমতে, সোমবার আশুলিয়া এলাকায় শ্রমিকেরা চলে গেছেন; এমন কারখানার সংখ্যা সাতটি। এসব কারখানার মধ্যে রয়েছে নাসা সুপার গার্মেন্টস লিমিটেড, নাসা বেসিক লিমিটেড, এজে সুপার গার্মেন্টস লিমিটেড, ফিরোজা গার্মেন্টস লিমিটেড, মাম গার্মেন্টস লিমিটেড, আল-মুসলিম অ্যাপারেলস লিমিটেড ও ট্রাউজার লাইন লিমিটেড।
.png)
শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও একাধিক কারখানার শ্রমিকেরা জানান, শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন কারখানার শ্রমিকেরা নানা সময়ে বাৎসরিক ইনক্রিমেন্ট ১৫ শতাংশ বৃদ্ধি, বাৎসরিক অর্জিত ছুটির বকেয়া টাকা প্রতি মাসে পরিশোধের দাবি জানিয়েছেন। এসব দাবির পাশাপাশি শ্রমিকেরা ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবিও করছেন। এসব দাবিতে সোমবার কয়েকটি কারখানার শ্রমিকেরা যথাসময়ে কারখানায় উপস্থিত হলেও কাজ না করে কারখানার ভেতরে বসে কর্মবিরতি পালন করেন।
আশুলিয়ায় শিল্পাঞ্চল পুলিশ-১–এর এসপি মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া জানান, সকালে নির্ধারিত সময়ে শ্রমিকেরা কারখানায় উপস্থিত হন। নাসা, আল-মুসলিম, নিউএইজ, ট্রাউজার লাইনের শ্রমিকেরা বাৎসরিক বেতন ১৫ শতাংশ বৃদ্ধির দাবিতে কাজ না করে কারখানার ভেতরে অবস্থান নেন। পরে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করলে তারা শান্তিপূর্ণভাবে চলে যান।