শনিবার সকালে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত এলাকার নাফ নদীতে লাশটি দেখতে পেলে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
উদ্ধারকৃত মরদেহটি পালংখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আঞ্জুমানপাড়ার বাসিন্দা মৃত মোহাম্মদ হোসেনের ছেলে ছৈয়দুল বশর (১৯)।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর পাঁচজন বাংলাদেশি নাফ নদীতে মাছ ধরতে গেলে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গ্রুপের হাতে জিম্মি হয়। এদের মধ্যে ছৈয়দুল বশর নামের একজন বাংলাদেশিকে পিটিয়ে ও হাতের বাহু, ঘাড়ে গুলি করে হত্যা করা হয়। পরে লাশটি নাফ নদীতে ভাসিয়ে দেওয়া হয়। আজ সকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে উখিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হান্নান লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে উদ্ধার করে।
এ ব্যাপারে উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোসেন জানান, স্থানীয়দের দেওয়া খবরে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
উখিয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন জানান, মাছ শিকারে গিয়ে দুদিন আগে পাঁচজন বাংলাদেশি অপহরণ হন। এদের মধ্যে শনিবার সকালে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।