ঢাকা,  শুক্রবার   ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ওয়াসার এমডির পদত্যাগ আন্দোলনে হামলার অভিযোগ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩০, ৩ সেপ্টেম্বর ২০২৪
ওয়াসার এমডির পদত্যাগ আন্দোলনে হামলার অভিযোগ
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একেএম ফজলুল্লাহর পদত্যাগ দাবিতে বৈষম্যবিরোধী নাগরিক সমাজের ডাকা আন্দোলনে হামলার অভিযোগ উঠেছে। এমডির সমর্থকরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ আন্দোলনকারীদের।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পূর্বঘোষিত ওয়াসা ঘেরাও কর্মসূচি পালন করতে ওয়াসা ভবনে যান আন্দোলনকারীরা। এ সময় তারা এমডির কার্যালয়ে অবস্থান নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা এমডির কার্যালয়ে অবস্থান নিলে এমডির সমর্থক হিসেবে পরিচিত অন্তত ২০-৩০ জনের একটি দল পাল্টা অবস্থান নেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে এমডির সমর্থকদের তোপের মুখে পিছু হটেন আন্দোলনকারীরা। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

আন্দোলনকারীদের একজন এমএ হানিফ নোমান বলেন, দীর্ঘদিন ধরে ওয়াসায় চলা অনিয়মের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। এমডির অনিয়মের বিরুদ্ধে কথা বলায় তিনি তার সমর্থক নামে কিছু সন্ত্রাসীদের আমাদের ওপর লেলিয়ে দিয়েছেন। রাজনৈতিক স্লোগান দিয়ে এমডি অফিসের সামনে আমাদের ওপর হামলা করেন তারা।

এদিকে, সরকারের কোনো নির্দেশনা ছাড়া পদত্যাগ করবেন না বলে আন্দোলনকারীদের সাফ জানিয়ে দিয়েছেন এমডি একেএম ফজলুল্লাহ।

এর আগে, রোববার ফজলুল্লাহর পদত্যাগসহ ১৭ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী নাগরিক সমাজ। পরদিন সোমবার চার দফা দাবিতে তাকে সাত দিনের আল্টিমেটাম দেয় জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দল।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!