ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে সংঘর্ষে কয়েকজন আহত

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৯, ১৮ জুলাই ২০২৪
চট্টগ্রামে সংঘর্ষে কয়েকজন আহত
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আন্দোলনকারীদের কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে বন্ধ রয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নগরের শাহ আমানত সেতু এলাকায় অবস্থান নেন আন্দোলনকারীরা। তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ার শেল ছোড়ে পুলিশ। জবাবে আন্দোলনকারীরাও ইট নিক্ষেপ করেন।

একপর্যায়ে একটি বাস ভাঙচুর করেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়লে তারা ছত্রভঙ্গ হয়ে আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেন। সংঘর্ষের ঘটনায় পথচারীসহ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

Advertisement

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত এক পুলিশ সদস্য বলেন, সংঘর্ষে আহত দুজনকে হাসপাতালে আনা হয়েছে। এরমধ্যে একজন শিক্ষার্থী। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। অপরজন রিকশাচালক। টিয়ারশেলে অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে আনা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষার্থী নয়, কিছু দুষ্কৃতিকারী আন্দোলনের নামে রাস্তা বন্ধ করেছিল। একপর্যায়ে পুলিশের ওপর ইট ছুড়ে মারে। পরে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!