ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

আন্দোলন স্থগিত করে ঢাবি ছাড়লেন আন্দোলনকারীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৩৮, ১৬ জুলাই ২০২৪
আন্দোলন স্থগিত করে ঢাবি ছাড়লেন আন্দোলনকারীরা
ছবি: সংগৃহীত

আন্দোলন স্থগিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা ছেড়েছেন কোটাবিরোধী আন্দোলনকারীরা। পরবর্তী কর্মসূচি পরে জানানো হবে বলে তারা জানিয়েছেন।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ভিসি চত্বর থেকে আপাতত আন্দোলন স্থগিতের ঘোষণা দেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়কারী হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, আজকের মতো এখানে আন্দোলন স্থগিত ঘোষণা করছি। আমরা আলোচনা করে পরবর্তী কর্মসূচির সিদ্ধান্ত নেব। সেটি পরে আপনাদের জানিয়ে দেওয়া হবে।

Advertisement

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের একদিকে দাঁড়ানো পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে উত্তেজনাপূর্ণ কথা বলছিলেন শিক্ষার্থীরা। এ সময় তারা পুলিশকে লাঠিপেটা না করে সরাসরি গুলি করতেও বলেন। এ অবস্থায় পুনরায় সংঘর্ষ এড়াতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা প্রেস ব্রিফিং করে আজকের মতো কর্মসূচি স্থগিত ঘোষণা দেন।

এক বিক্ষোভকারী শিক্ষার্থী পুলিশের উদ্দেশ্যে বলেন, আপনারা নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছেন। টাকা খেয়ে চাকরি পেয়ে এখন ছাত্রলীগের আদেশ পালন করছেন। তাদের রক্ষা করে আমাদের ওপর হামলার জন্য অপেক্ষা করছেন। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই- যদি মারতেই চান সরাসরি গুলি করে মেরে ফেলুন। লাঠিপেটা করবেন না, আঘাত সইতে পারবো না। জীবনের প্রথম কাউকে মারার জন্য লাঠি হাতে নিয়েছি। নিজের ভাইদের রক্তের প্রতিশোধ নিতে এসেছি।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!