ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গরু বাণিজ্যে টোলের নামে দুই ইউপি চেয়ারম্যানের চাঁদাবাজি

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০১, ১৩ জুন ২০২৪
গরু বাণিজ্যে টোলের নামে দুই ইউপি চেয়ারম্যানের চাঁদাবাজি
রামু ও নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের চোরাই গরু বাণিজ্যে দুই ইউপি চেয়ারম্যান জড়িয়ে পড়েছেন। ছবি: সংগৃহীত
  • মিয়ানমারের চোরাই গরু বাণিজ্যে জড়িয়ে পড়েছেন দুই ইউপি চেয়ারম্যান
  • গরু থেকে প্রতিদিন লাখ লাখ টাকা অবৈধ উপায়ে রোজগার
  • দুই ইউনিয়নের জনপ্রতিনিধির মাধ্যমে গড়ে উঠেছে একাধিক সিন্ডিকেট
  • কোরবানি ঈদকে সামনে রেখে আরো বেপরোয়া হয়ে উঠেছে চক্রটি

বান্দরবানের রামু ও নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের চোরাই গরু বাণিজ্যে দুই ইউপি চেয়ারম্যান জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। 

পাশাপাশি ইউনিয়ন ও সীমান্ত লাগোয়া হওয়ায় এই দুই ইউনিয়নের জনপ্রতিনিধির মাধ্যমে গড়ে উঠেছে একাধিক সিন্ডিকেট। যারা পথে পথে মিয়ানমার থেকে রাজস্ব ফাঁকি দিয়ে দেশে আনা গরু থেকে প্রতিদিন লাখ লাখ টাকা অবৈধ উপায়ে রোজগার করছেন। 

চাঁদাবাজির এসব ঘটনা নিয়ে দিন দিন এলাকার পরিস্থিতি ঘোলাটে হচ্ছে। হামলা, মামলা এমনকি খুনের ঘটনাও ঘঠেছে। দীর্ঘ এক বছরের অধিক সময় ধরে মিয়ানমারের গরু বাণিজ্য চলে আসলেও কোরবানি ঈদকে সামনে রেখে আরো বেপরোয়া হয়ে উঠেছে চক্রটি। তবে এই বিষয়ে প্রশাসন কার্যত কোনো ব্যবস্থা না নেয়ায় ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায়। চাঁদাবাজির এমন পরিস্থিতি রোধ করতে রামু উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী বাসিন্দারা।

Advertisement

জানা গেছে, রামু উপজেলার কচ্ছপিয়া, মৌলভীরকাটা, জামছড়ি, বালুবাসা, হাজিরকাটা এবং পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা, আশারতলী, ফুলতলী, কম্বনিয়া, জারুলিয়াছড়ি এলাকার বিভিন্ন সড়ক ও পাহাড়ি পথে প্রতিদিন কয়েকশ’ গরু মিয়ানমার থেকে আনা হয় গর্জনিয়া ও চাকঢালা বাজারে। 

পাশাপাশি দেশীয় খামারিরাও গরু নিয়ে আসেন এসব বাজারে। কিন্তু বাজারে আনার আগে বিভিন্ন স্পট থেকে ইউনিয়ন পরিষদের টোকেন সংগ্রহ করতে হয় গরু ব্যবসায়ী ও স্থানীয়দের। 

গত সোম ও বৃহস্পতিবার সাপ্তাহিক বাজারের দিন সীমান্ত এলাকা ঘুরে জানা গেছে, চাঁদাবাজ চক্রের সদস্যরা কাউকে খালি টোকেন আবার কাউকে টাকার অংক লিখে টোকেনের মাধ্যমে প্রতিটি গরু থেকে ৩০০ টাকা করে তুলছেন কচ্ছপিয়া ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ নুর (প্রকাশ মাহান্নুর)। স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন পরিষদের টোলের নামে এই ধরনের সিন্ডিকেট ইউনিয়নের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে।

সরেজমিন রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের বাসিন্দা আবুল কালাম জানান, গত সপ্তাহে গর্জনিয়া বাজার থেকে গরু-মহিষ ক্রয়-বিক্রয় রশিদের মাধ্যমে তিনি ৩টি গরু কেনেন বাড়িতে লালন পালনের জন্য। এসব গরু নিয়ে বাড়িতে আসার পথে কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু মো. ইসমাইল নোমানের লোকজন মুরারকাছা এলাকায় প্রতিটি গরু থেকে ৩০০ টাকা করে চাঁদা আদায় করেন। 

আবুল কালামের মতো এভাবে প্রতিদিন শত শত খামারি ও গরু ব্যবসায়ী থেকে লাখ লাখ টাকার চাঁদা আদায় করছেন কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু মো. ইসমাইল নোমান এবং নাইক্ষ্যংছড়ি সদরের ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমনের লোকজন। এ ঘটনায় সম্প্রতি রামু উপজেলা নির্বাহী অফিসার বরাবরে প্রতিকার চেয়ে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। 

রামু উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুল ইসলাম বলেন, কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু মো. ইসমাইল নোমানের বিরুদ্ধে গরু চোরা চালানে জড়িত থাকার অভিযোগ পেয়েছি। কিন্তু প্রমাণ পাচ্ছি না। কারো কাছে সুনির্দিষ্ট তথ্য থাকলে আমাদের দিলে ব্যবস্থা নিতে পারবো। 

অভিযোগ বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু মো. ইসমাইল নোমান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকার কথা জানিয়ে অভিযোগের প্রসঙ্গ এড়িয়ে যান। 

ইউনিয়ন পরিষদের টোকেন সংগ্রহ করতে হয় গরু ব্যবসায়ী ও স্থানীয়দের। নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, অনেকদিন ধরে আমার বিরুদ্ধে এই অভিযোগ তোলা হচ্ছে। কিন্তু কেউ প্রমাণ করতে পারেনি। আমি এসবের সঙ্গে জড়িত নই, তা কেউ প্রমাণ করতে পারবে না।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা চোরাচালানবিরোধী টাস্কফোর্সের সদস্য মো. ইয়ামিন হোসেন বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে চোরাকারবারিরা গরু-মহিষ নিয়ে আসছে। বিজিবির সঙ্গে তাদের গোলাগুলিও হচ্ছে। টাস্কফোর্সের মাধ্যমে এসব বন্ধের চেষ্টা করছি।

নিয়ম থাকলেও নাইক্ষ্যংছড়ি ও গর্জনিয়া বাজারেরর কোনো পশুর হাটে টাঙানো হয়নি সরকার নির্ধারিত টোল তালিকা। ফলে পশু কিনতে আসা ক্রেতারা পথে পথে অতিরিক্ত খাজনা দিতে বাধ্য হচ্ছেন। আর অতিরিক্ত টোলের নামে চাঁদাবাজিকে কেন্দ্র করে প্রায়ই ক্রেতা-বিক্রেতাদের বাকবিতণ্ডার ঘটনা ঘটছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বান্দরবান
লিংক সফলভাবে কপি হয়েছে!