ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বন্ধুদের সঙ্গে গোসলে নেমে স্কুলছাত্রের করুণ মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৮, ২৩ মে ২০২৪
বন্ধুদের সঙ্গে গোসলে নেমে স্কুলছাত্রের করুণ মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জ বন্দরে বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে সিহাদ (১৬) নামে এক স্কুলছাত্রের করুণ মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৪টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদীস্থ দিপক সাহা মন্দিরের সামনে এ ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্র সিহাদ ফতুল্লা থানার মাসদাইরস্থ তালা ফ্যাক্টরি এলাকার শফিউদ্দিন ওরফে খোকা মিয়ার ছেলে। সে উল্লিখিত এলাকার একটি স্কুলে ১০ শ্রেণির ছাত্র ছিল।

খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহায়তায় প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার খবর পেয়ে কলাগাছিয়া নৌ-ফাঁড়ি পুলিশ ও মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বুধবার বিকেল ৪টায় মাসদাইর থেকে আগত ৪ বন্ধু মিলে সাবদীস্থ ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নামে। সিহাদ সাঁতার না জানার কারণে গভীর পানিতে তলিয়ে যায়। পরে তার সহপাঠীরা বিষয়টি স্থানীয় এলাকাবাসীকে জানালে তারা বিষয়টি বন্দর ফায়ার সার্ভিসকে অবগত করে। পরে এলাকাবাসীর সহায়তায় বন্দর ফায়ার সার্ভিসের ডুবুরি দল  ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে।

কলাগাছিয়া নৌ-ফাঁড়ি সূত্রে জানা গেছে, নিহতের পরিবার বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে লিখিতভাবে আবেদন করলে নৌ পুলিশ ওইদিন সন্ধ্যায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!