ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঈদগাহে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তরুণ খুন

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৩, ১১ এপ্রিল ২০২৪
ঈদগাহে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তরুণ খুন
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঈদগাহে শাহজাহান মিয়া (১৯) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার উজানচর উত্তরপাড়া ঈদগাহে এ ঘটনা ঘটে।  নিহত শাহজাহান গাজীপুরের একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।

স্থানীয়রা জানান, এলাকায় আব্দুর রশিদ মাস্টার ও নূরুল ইসলামের দুটি বংশের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিলো। নুরুল ইসলামদের বংশের লোকজন বেশি হলেও শিক্ষা ও প্রভাবে কম লোক নিয়েই শক্তিশালী রশিদ মাস্টারের বংশের লোকজন। উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নুরুল ইসলামের বংশের লোকজন ভাইস চেয়ারম্যান প্রার্থী আবদুল্লাহ আল ফয়সালের পোস্টার সাঁটায় এলাকায়। কিন্তু রশিদ মাস্টারের লোকজন হুমকি দেয় এলাকায় থাকলে ফয়সালের নির্বাচন করা যাবে না এবং কিছু পোস্টারও ছেঁড়া হয়। বিরোধের জেরে বুধবার উচাখিলা বাজারের দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ঈদের দিন উজানচর উত্তরপাড়া ঈদগাহ মাঠে সকাল ১০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ পড়তে নুরুল ইসলামের বংশের লোকজনকে রশিদ মাস্টারের বাড়ির সামনে দিয়ে যেতে হয়। নামাজ শেষে দোয়ার আগ মুহূর্তে নূরুল ইসলামের ছেলে শাহজাহান মিয়াকে ছুরিকাঘাত করা হয়। তাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রশিদ মাস্টারের নাতি পিহান মিয়াকে গ্রেফতার করেছে।

Advertisement

ঈশ্বরগঞ্জ থানার ওসি মাজেদুর রহমান বলেন, ভাইস চেয়ারম্যান প্রার্থীর পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিরোধ তৈরি হয়। ঈদের জামাত শেষে ছুরিকাঘাতে হত্যার ঘটনাটি ঘটে। ছুরিটি উদ্ধার করা যায়নি। তাৎক্ষণিক একজনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত অন্তত সাতজনের নাম পাওয়া গেছে। তাদের ধরতে পুলিশের অভিযান চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!