নিহত শিশু বাইজিদ মাহমুদ ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে জাহাঙ্গীর আলমের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল। তার বাবার নাম জাহাঙ্গীর আলম।
জানা যায়, গত রোববার বিকেল (২৪ মার্চ) থেকে নিখোঁজ ছিল শিশু বাইজিদ মাহমুদ। পরিবারের পক্ষ থেকে নানা জায়গায় খোঁজ করা হয়। না পেয়ে একপর্যায়ে আশেপাশের এলাকায় মাইকিং করা হয়। কিন্তু কোথাও বাইজিদের সন্ধান পাওয়া যায়নি। পরে তার স্বজনরা ত্রিশাল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে মোবাইলে বাইজিদের মুক্তিপণ চেয়ে কল দেওয়া হয়। এ ঘটনায় স্বজনরা থানায় অপহরণ মামলা করেন। পরে তথ্য প্রযুক্তির সাহায্যে বাইজিদের চাচা সোহাগকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্যমতে, বৃহস্পতিবার বিকেলে শিশু বাইজিদের মরদেহ পার্শ্ববর্তী কলাবাগানের একটি পরিত্যক্ত টয়লেট থেকে উদ্ধার করা হয়।
.png)
ত্রিশাল থানার ওসি কামাল হোসেন বলেন, তদন্তের সূত্র ধরে ও তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে একজনকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) অরিত সরকার বলেন, জিডির পর থানায় অপহরণ মামলা হয়। আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় জাহাঙ্গীরের ছেলে বাইজিদের মরদেহটি পরিত্যক্ত টয়লেট থেকে উদ্ধার করি।