ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘুরে ঘুরে মিষ্টি মরিচের চারা বেচেন জহিরুল

লিটন ঘোষ জয়, মাগুরা
প্রকাশিত: ১২:১১, ৩ মার্চ ২০২৪
ঘুরে ঘুরে মিষ্টি মরিচের চারা বেচেন জহিরুল
বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে মিষ্টি মরিচের চারা বিক্রি

ক্যাপসিকাম বা মিষ্টি মরিচ। এটি জনপ্রিয় সবজি ও লাভজনক ফসল। বাজারে লাল, সবুজ ও হলুদ এই তিন রঙের ক্যাপসিকাম সবচেয়ে বেশি পাওয়া যায়। সালাদ হিসেবে ক্যাপসিকাম খাবারে বাড়তি স্বাদ যোগ করে। সুস্বাদু এ সবজিটির রয়েছে অত্যন্ত উপকারিতা।

ভিটামিন সি, ভিটামিন এ এবং বিটা-ক্যারোটিনের এটি প্রধান উৎস। চোখের জন্য অনেক উপকারী এই সবজি। এতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট। সবুজ ক্যাপসিকামকে ভিটামিন সি-এর সেরা উৎস হিসেবেও বিবেচনা করা হয়। সবুজ ক্যাপসিকাম খেলে উচ্চ রক্তচাপ, ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি কমে। 

লাল ক্যাপসিকাম হজমের ক্ষমতা বাড়ায় এবং দেহের অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে। চুল পড়ার সমস্যা কমাতেও বেশ কার্যকর। এ ছাড়াও ক্যাপসিকাম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ত্বক ও অস্থি সন্ধি ভালো রাখতে সাহায্য করে।

Advertisement

মাগুরা সৈয়দ আতর আলী রোডে ময়মনসিংহ থেকে ক্যাপসিকাম বা মিষ্টি মরিচের চারা বিক্রি করতে আসা জহুরুল হোসেন। 

তিনি বলেন, মিষ্টি মরিচ বা ক্যাপসিকামের চাষ খুবই লাভজনক। উন্নত জাতের প্রতিটি গাছ থেকে ৪ থেকে ৫ কেজি পর্যন্ত ক্যাপসিকাম পাওয়া যায়। আমি ময়মনসিংহ থেকে চারা বিক্রি করতে মাগুরাতে এসেছি। প্রতিটি চারা একশ থেকে শুরু করে ৫০-৬০ টাকায় বিক্রি করে থাকি। 

মিষ্টি মরিচের চারা কিনতে ক্রেতাদের ভিড়

তিনি আরো বলেন, বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে এ চারা বিক্রি করি। একটু কষ্ট হলেও এটি বেশ লাভজনক ব্যবসা। ২০ বছরের বেশি সময় ধরে বিভিন্ন ফুল, ফল ও সবজির চারা বিক্রি করছি। বর্তমানে ক্যাপসিকাম বা মিষ্টি মরিচের চারা বিক্রি করে অর্থনৈতিক ভাবে বেশ লাভবান হচ্ছি।

মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ সুফি মো. রফিকুজ্জামান বলেন, অন্যান্য সবজির তুলনায় ক্যাপসিকাম চাষ অনেক লাভজনক। বাজারে এর ভালো দাম পাওয়া যায়। ক্যাপসিকাম বা মিষ্টি মরিচ একটি জনপ্রিয় সবজি। এটি লাভজনক ফসল। বিদেশি এ সবজিটির রয়েছে নানা উপকারিতা। এ কারণে দিন দিন কদর বাড়ছে ক্যাপসিকামের। 

বর্তমানে জেলার মহম্মদপুর, শ্রীপুর উপজেলার হাজরাতলা এবং সদরের রামনগরসহ বিভিন্ন এলাকায় বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে ক্যাপসিকাম। মাগুরার মাটি ও আবহাওয়া ক্যাপসিকাম চাষের জন্য উপযোগী। অনেকেই এই মিষ্টি মরিচ চাষ করতে আগ্রহ দেখাচ্ছেন। চাষটি ছড়িয়ে দিতে পারলে আমদানি নির্ভরতা কমার পাশাপাশি ব্যাপকভাবে লাভবান হবে কৃষকরা।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!