মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় অবস্থিত ‘হাজী বিরিয়ানি হাউজ’ নামে একটি হোটেলে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ঘটনাস্থলে যান। এরপর বিষয়টির সত্যতা পেয়ে ওই হোটেল মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৫ হাজার টাকা জরিমানা করেন তিনি।
.png)
ভুক্তভোগী উজ্জ্বল হাসান জানান, মঙ্গলবার রাতে দুই বন্ধুকে নিয়ে হাজী বিরিয়ানি হাউজে কাচ্চি খেতে যান তিনি। খাবার এক-দুইবার মুখে দিতেই দেখেন কাচ্চির ভেতর টিকটিকি। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে হোটেল কর্তৃপক্ষ উল্টো রূঢ় আচরণ শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা এসে জড়ো হন। পরে তারা উপজেলা প্রশাসন ও থানায় খবর দেন।
তিনি আরো বলেন, মরা টিকটিকি দেখে আমি বমি করতে থাকি। এরপর বেরিয়ে যাব এমন অবস্থায় হোটেল কর্তৃপক্ষ আমাকে বিলের জন্য আটকায়। আমি বিল দিতে অস্বীকৃতি জানালে খারাপ ব্যবহার শুরু করে। এরপর স্থানীয়রা এ ঘটনা দেখে প্রশাসনকে খবর দিলে এসিল্যান্ড ও ঈশ্বরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে আসে।
অন্যদিকে হোটেলের ফ্রিজে নোংরা পরিবেশ থাকায় মায়া রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি নামক অপর একটি হোটেল মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বলেন, খাবারে মরা টিকটিকি পাওয়ার বিষয়টি সবার সামনে স্বীকার করেছে হোটেল কর্তৃপক্ষ। এরপর হোটেল মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আরেকটি হোটেলের ফ্রিজ নোংরা থাকায় ওই কর্তৃপক্ষকেও পাঁচ হাজার জরিমানা করা হয়েছে। তাছাড়া পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের জন্য ওই দুই হোটেল ছাড়াও আশপাশের বেশির ভাগ হোটেলকে সতর্ক করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।