ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে ইয়াবা ব্যবসায়ীর পাঁচ বছরের কারাদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০২, ১১ জানুয়ারি ২০২৪
লক্ষ্মীপুরে ইয়াবা ব্যবসায়ীর পাঁচ বছরের কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরে ইয়াবা রাখার দায়ে মাদক ব্যবসায়ী খোরশেদ আলমকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। মামলায় জসিম নামে আরেক আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. জসিম উদ্দিন। রায়ের সময় দণ্ডপ্রাপ্ত খোরশেদ আলম উপস্থিত না থাকলেও আসামি জসিম আদালতে উপস্থিত ছিলেন।

Advertisement

খোরশেদ চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার বান্ধুনীমুড়া গ্রামের আবু তাহেরের ছেলে। জসিম রামগঞ্জ পৌরসভার কলছমা গ্রামের নুরু মিয়ার ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৮ সালের ২১ জুন রাতে পৌরসভার কলছমা গ্রামের মান্দার বাড়িতে অভিযান চালায় রামগঞ্জ থানা পুলিশ। এ সময় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়কালে খোরশেদ আলম ও তার ছোট ভাই সোহেল আলমকে আটক করা হয়। তাদের দুইজনের কাছ থেকে ১১০ ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রামগঞ্জ থানার উপপরিদর্শক মো. কাউছারুজ্জামান বাদী হয়ে আটককৃত খোরশেদ, সোহেল ও পলাতক জসিমের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই পংকজ কুমার সাহা তিন আসামিকে অভিযুক্ত করে ২০১৮ সালের ২৭ আগষ্ট তিনি আদালতে প্রতিবেদন দেন। পরে মামলায় দ্বিতীয় আসামি সোহেল আলম মারা গেলে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মামলার প্রধান আসামি খোরশেদ আলমের সাজা এবং অপর আসামি জসিমকে খালাস দিয়েছেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!