ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাসে ঢুকে পড়ল এক্সকেভেটরের বাকেট: নিহত ১, আহত ২০

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪২, ১৪ ডিসেম্বর ২০২৩
বাসে ঢুকে পড়ল এক্সকেভেটরের বাকেট: নিহত ১, আহত ২০
ছবি: সংগৃহীত

কুমিল্লার লাকসামে এক্সকেভেটরের (ভেকু) লম্বা বাকেট চলন্ত বাসের ভেতরে ঢুকে সিফাত হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত ২০ যাত্রী। 

বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামের কৃষ্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিফাত হোসেন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়ার মোতালেব হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী কৃষ্ণপুর গ্রামের খোকন মিয়া জানান, নোয়াখালী থেকে ইকোনো পরিবহনের একটি বাস ঢাকা যাচ্ছিল। একই দিকে ট্রাকে করে এক্সকেভেটরও (ভেকু) নিয়ে যাচ্ছিল। এ সময় দ্রুতগামী ইকোনো বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এক্সকেভেটরের লম্বা বাকেটের অংশ বাসের ভেতরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই এক বাসযাত্রী মারা যান। এ সময় চালকের বাম পা থেঁতলে যায়। এতে আহত হন আরো ২০ যাত্রী।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম থানার এসআই বোরহান উদ্দিন ভূঁইয়া। 

তিনি বলেন, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে লাকসামের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে নেয়া হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!