শনিবার দুপুরে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশন এবং বাটিকামারা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুর সামাদ (৬৫)। তিনি কুমারখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হোসেন আলীর ছেলে। আহতরা হলেন- কুমারখালীর চাপড়া ইউনিয়নের আব্দুর রাজ্জাক (৬০), আবু বক্কর (৭০), রাজবাড়ীর কালুখালীর মোহনপুর এলাকার আজিজ মোল্লার ছেলে হৃদয় আহমেদ লিপু (৩০) এবং মফিজুল ইসলামের ছেলে জসিম উদ্দিন (২৮)।
জানা গেছে, বেলা দুপুরে দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের বাটিকামারা এলাকায় একটি মালবাহী পিকআপ একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আব্দুর রাজ্জাক এবং আবু বক্কর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
.png)
একই সময় আব্দুস সামাদ নামে এক ব্যবসায়ী বাইসাইকেল চালিয়ে আঞ্চলিক মহাসড়ক পার হয়ে কুমারখালী ফায়ার সার্ভিসের সামনে অবস্থিত চিড়ার মিলে যাচ্ছিলেন। এ সময় দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের তিন আরোহী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সামাদের মৃত্যু হয়।
কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মরিয়ম জামিলা জানান, প্রায় একই সময়ে দুই দুর্ঘটনায় আহত পাঁচজন রোগী হাসপাতালে আসেন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সামাদ নামে একজন মারা গেছেন। আহতদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য আবু বক্করকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুইজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এসআই আসিফ ইকবাল জানান, পৃথক দুর্ঘটনায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন।